যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মাঠের জাদুকরী নৈপুণ্যের পাশাপাশি বেতনের অঙ্কেও রাজত্ব করছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) ২০২৬ সালের খেলোয়াড়দের বেতনের যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে, তা রীতিমতো চমকপ্রদ। সেখানে দেখা যাচ্ছে, ইন্টার মায়ামির এই তারকা বছরে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার পাচ্ছেন, যা লিগের অন্য যে কোনো ফুটবলারের তুলনায় বহুগুণ বেশি।
মেসির এই আয়ের পরিমাণটি আরও অবিশ্বাস্য হয়ে ওঠে যখন অন্য দলগুলোর বাজেটের সাথে তুলনা করা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ইন্টার মায়ামিকে বাদ দিয়ে লিগের বাকি ২৯টি দলের মধ্যে মাত্র তিনটি দলের সামগ্রিক খেলোয়াড়দের বেতন মেসির একার পারিশ্রমিকের চেয়ে বেশি। অর্থাৎ, এমএলএসের ২৬টি ক্লাবের প্রতিটি দলের মোট বেতন খরচের চেয়েও বেশি অর্থ একজন হিসেবে পান মেসি।
পারিশ্রমিকের এই তালিকায় মেসির পর আরও কয়েকজন ইউরোপীয় তারকা স্থান করে নিয়েছেন, যারা সম্প্রতি যুক্তরাষ্ট্রে যোগ দিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাচ্ছেন শিকাগো ফায়ারের রবার্ট লেভানডফস্কি। ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলারের নিশ্চিত পারিশ্রমিক নিয়ে তিনি তালিকায় দ্বিতীয়। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে শিকাগোতে যোগ দেওয়া এই পোলিশ স্ট্রাইকার ১৯ ম্যাচে ৯ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন ১ হাজার ৩৩৫ মিনিট খেলে।
তৃতীয় অবস্থানে থাকা অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান বছরে ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার পান। গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে আসা গ্রিজমান ১৮ ম্যাচে ১৪ গোল ও ৮টি অ্যাসিস্ট করে দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন এবং বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের খেতাব জিতেছেন। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন (১ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার) এবং পঞ্চম স্থানে আটলান্টা ইউনাইটেডের ব্রিল এমবোলো (১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার) অবস্থান করছেন।
শীর্ষ দশে আরও রয়েছেন মেসির সতীর্থ রদ্রিগো দি পল (৯৬ লাখ ৯০ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হিরভিং লোজানো (৯৩ লাখ ৩০ হাজার ডলার), আটলান্টার মিগেল আলমিরন (৭৮ লাখ ৮০ হাজার ডলার), শার্লট এফসির অ্যালাঁ সাঁ-ম্যাক্সিমাঁ (৭২ লাখ ডলার) এবং রেড বুল নিউইয়র্কের এমিল ফর্সবার্গ (৬০ লাখ ৪০ হাজার ডলার)।
ব্যক্তিগত বেতনের পাশাপাশি ক্লাবের মোট ব্যয়ের হিসেবেও শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। পুরো দলের খেলোয়াড়দের নিশ্চিত পারিশ্রমিক বাবদ তাদের ব্যয় ৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ডলার, যা এমএলএসের ৩০টি দলের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে থাকা শিকাগো ফায়ারের ব্যয় ৪ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার এবং তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেডের ব্যয় ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে যথাক্রমে লস অ্যাঞ্জেলেস এফসি, কলম্বাস ক্রু এবং অরল্যান্ডো সিটি রয়েছে।




