স্টারশিল্ড পরিষেবার সীমাবদ্ধতা এবং এর সামগ্রিক নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনী ও ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে বলে দাবি করেছেন স্পেসএক্স প্রধান এলন মাস্ক। সম্প্রতি তিনি এই বিষয়টি স্পষ্ট করে জানান যে, স্টারশিল্ডের ক্ষেত্রে মার্কিন প্রশাসনের ও সামরিক কর্তৃপক্ষের সিদ্ধান্তই কার্যকর হবে।

তবে মাস্ক একই সঙ্গে এই খবরের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, স্টারশিল্ডের নিয়ন্ত্রণ অন্যদের হাতে থাকলেও বাণিজ্যিক স্টারলিংক (Starlink) পরিষেবাটি সম্পূর্ণভাবে স্পেসএক্স-এর নিজস্ব নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ, বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে কোম্পানির সিদ্ধান্তই প্রাধান্য পাবে, কিন্তু সামরিক লক্ষ্যভিত্তিক স্টারশিল্ডের ক্ষেত্রে মার্কিন সরকারের নিয়ন্ত্রণ বজায় থাকবে।

এই ঘোষণাটি এমন এক সময়ে এলন মাস্ক দিলেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল খনি ও জ্বালানি স্থাপনাগুলোতে পুনরায় হামলা চালানোর অঙ্গীকার করেছেন। ফলে ইউক্রেনের সামরিক কার্যক্রমে স্যাটেলাইট প্রযুক্তির ভূমিকা এবং এর নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশেষ করে মার্কিন রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক বাহিনীর সাথে মাস্কের এই সম্পর্কের রসায়ন যুদ্ধের কৌশলগত দিকগুলোতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।