নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শনিবার কার্তিক ব্রত পালনে ভিড় জমান হাজারো পুণ্যার্থী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মহামারী এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে এবং পরিবার ও প্রিয়জনের শান্তি ও রোগমুক্তির কামনায় এই বিশেষ ব্রত পালন করা হয়। প্রথা অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের শেষার্ধে শনি ও মঙ্গলবার ভক্তরা উপবাস পালন করেন।
শনিবার সকাল থেকেই আশ্রমে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। পুণ্যার্থীরা ঘিয়ের সলতে, মাটির প্রদীপ, ধুনো ও ধূপ দিয়ে পূজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন। এই আয়োজনে নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সের মানুষই আরাধনায় মগ্ন ছিলেন। অনেক নারী প্রিয়জনের মঙ্গলের জন্য বটগাছে রঙিন সুতা বেঁধেছেন, যা এই ব্রতের একটি বিশেষ অংশ।
সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে আশ্রমের বিশাল প্রাঙ্গণজুড়ে একযোগে প্রদীপ জ্বালানো হয়, যার ফলে পুরো এলাকা আলোয় ঝলমল করে ওঠে। ভক্তরা নিজেদের জ্বালানো প্রদীপের আলো নিভে না যাওয়া পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সাথে প্রার্থনা চালিয়ে যান। সবশেষে, আশ্রম সংলগ্ন ছাওয়াল বাঘিনী নদীর শ্মশানঘাটে মাটির প্রদীপ বিসর্জনের মাধ্যমে কার্তিক ব্রতের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।




