আইটি অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার বিভাগের জনবল বৃদ্ধিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর’ পদে প্রিন্সিপাল অফিসার (পিও) থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) র্যাঙ্কের কর্মকর্তা নিয়োগ করতে যাচ্ছে। এটি একটি পূর্ণকালীন অফিস জব এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকার প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করতে হবে।
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এছাড়া ব্যাংকিং খাতে ন্যূনতম ৫ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কারিগরি দক্ষতার ক্ষেত্রে রাউটার, সুইচ, এনজিএফ ফায়ারওয়াল, ডব্লিউএএফ, লোড ব্যালেন্সার এবং ডব্লিউএলসি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বাস্তবায়ন ও পরিচালনায় গভীর জ্ঞান থাকা প্রয়োজন। পাশাপাশি এন্টারপ্রাইজ ওয়াই-ফাই, বিভিন্ন রাউটিং প্রোটোকল (বিজিপিসহ), ভিপিএন মেকানিজম এবং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে এনএসই, এফ৫, সিসিএনপি, সিসিআইই অথবা সমমানের পেশাদার সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
নির্বাচিত কর্মকর্তার মূল দায়িত্বগুলোর মধ্যে থাকবে ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি, এক্সট্রানেট এবং বিভিন্ন শাখার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তদারকি ও ব্যবস্থাপনা করা। এছাড়া নেটওয়ার্ক সিস্টেমের ব্যাকআপ, রেস্টোরেশন এবং নিয়মিত আপগ্রেড নিশ্চিত করতে হবে। ব্যাংকের কোর নেটওয়ার্ক ও লোকাল এরিয়া কানেকশন সচল রাখা এবং এনএমএস ও মনিটরিং টুলস ব্যবহারের মাধ্যমে ব্যান্ডউইথ ও নেটওয়ার্ক পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ভেন্ডর এবং লিংক আইএসপি ব্যবস্থাপনা, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের ডেটাবেজ ব্যাকআপ পরিচালনা এবং অডিট লগ সংরক্ষণ করার দায়িত্ব পালন করতে হবে।
বেতনের বিষয়ে জানানো হয়েছে যে, এটি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া ব্যাংকের প্রচলিত মানবসম্পদ নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।




