আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ২০২৫-এর শিরোপা অবশেষে ফিরে পেল সেনেগাল। গত জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেও, পরবর্তীতে এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তারা খেতাবটি হারায়। তবে মঙ্গলবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল গ্রহণ করায় মূল জয়ের ফলাফল পুনর্বহাল হয়েছে।
ঘটনার সূত্রপাত জানুয়ারির ফাইনাল ম্যাচ চলাকালীন। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারার পর মরক্কো একটি পেনাল্টি পায়। রেফারির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাতে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় সাময়িকভাবে মাঠ ছেড়ে চলে যান। তবে কিছুক্ষণ পরেই তারা পুনরায় মাঠে ফিরে আসেন এবং খেলা শেষ করেন। অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জয়লাভ করে সেনেগাল।
পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর আপিল কমিটি মনে করে, রেফারির অনুমতি ছাড়া মাঠ ত্যাগ করা নিয়মবহির্ভূত। তারা আফকনের ৮২ ও ৮৪ নম্বর ধারার উল্লেখ করে জানায় যে, কোনো দল খেলতে অস্বীকৃতি জানালে বা মাঠ ছেড়ে চলে গেলে তাদের পরাজিত ঘোষণা করতে হবে। এই যুক্তিতে গত মার্চে সিএএফ ফাইনালের ফল পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী এবং চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।
এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশন সিএএস-এর দ্বারস্থ হয়। সিএএস তাদের পর্যবেক্ষণে জানায়, সেনেগালের খেলোয়াড়রা শেষ পর্যন্ত মাঠে ফিরে এসেছিলেন এবং রেফারিও খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালতের মতে, রেফারি যখন খেলা পুনরায় শুরু করেন, তখনই প্রমাণিত হয় যে ম্যাচটি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হয়েছিল। ফলে এই পরিস্থিতিতে আফকনের ৮২ ও ৮৪ নম্বর ধারা প্রয়োগ করা আইনত সঠিক নয়।
সিএএস-এর এই চূড়ান্ত রায়ের ফলে মার্চ মাসে সিএএফ এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের অনুকূলে দেওয়া সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। এর মাধ্যমে সেনেগাল তাদের ১-০ গোলের জয় এবং বহুল প্রতিক্ষিত আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপাটি পুনরায় ফিরে পেল।




