নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ওই শিশুর বাবা থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আলমগীর উপজেলার শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন বলে জানা গেছে। তবে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন জানান, ২০২২ সাল পর্যন্ত আলমগীর ওই ওয়ার্ডে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নন এবং নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন।

নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা জানান, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আলমগীর শিশুটিকে ধর্ষণ করেন। পরে তিনি শিশুটিকে হুমকি দেন যে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে। তবে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, তিনি জানেন না যে অভিযুক্ত ব্যক্তি জামায়াত নেতা কি না। একটি শিশুকে ধর্ষণের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।