দক্ষিণ আমেরিকার দীর্ঘতম আন্দিজ পর্বতমালাজুড়ে রাজত্ব করে এক বিরল উদ্ভিদ, যার নাম ‘পুয়া রাইমন্ডি’ (Puya raimondii)। এর বিশাল আকৃতি ও অনন্য বৈশিষ্ট্যের কারণে উদ্ভিদটি ‘আন্দিজের রানি’ হিসেবে পরিচিত। আনারস পরিবারের ব্রোমেলিয়াড গোত্রের সদস্য এই গাছটি আকারে অত্যন্ত বড় হয়; এর উচ্চতা প্রায় ১২ মিটার বা ৪০ ফুট পর্যন্ত হতে পারে, যা একে পৃথিবীর বৃহত্তম ব্রোমেলিয়াড উদ্ভিদে পরিণত করেছে। এর পাতায় আনারসগাছের মতোই কাঁটা থাকে।

এই উদ্ভিদের ইতিহাস বেশ আকর্ষণীয়। ১৮৩০ সালে ফরাসি প্রকৃতিবিদ আলসিড ডি’অরবিগনি প্রথম এই উদ্ভিদের কথা জানান। পরবর্তীতে ১৮৭৪ সালে বিজ্ঞানী আন্তোনিও রাইমন্ডির মাধ্যমে এর নামকরণ করা হয় এবং ১৯২৮ সালে এটিকে ‘পুয়া’ গণের অন্তর্ভুক্ত করা হয়।

পুয়া রাইমন্ডির আবাসস্থল মূলত পেরু ও বলিভিয়ার উচ্চভূমি অঞ্চলের তৃণভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় এবং পাহাড়ের উত্তরমুখী ঢালে এই গাছগুলো জন্মায়। বিশেষ করে পেরুর তিতানকাওক রিজিওনাল কনজারভেশন এরিয়াতে এদের সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে প্রায় সাড়ে চার লাখের বেশি গাছ রয়েছে বলে ধারণা করা হয়।

এই উদ্ভিদের জীবনচক্র অত্যন্ত চমকপ্রদ। একটি পুয়া রাইমন্ডি গাছ সাধারণত ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো, পুরো জীবনকালে এটি মাত্র একবার ফুল ফোটায়, এবং সেই ঘটনাটি ঘটে জীবনের একদম শেষ পর্যায়ে। একসাথে বিপুল সংখ্যক সাদা ফুল ফোটানো এবং ৬০ থেকে ১২০ লাখ বীজ উৎপাদনের পর গাছটি মারা যায়। তবে মৃত্যুর পর আরও কয়েক বছর এটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে।

বিজ্ঞানীদের মতে, পুয়া রাইমন্ডি সম্ভবত ‘প্রোটো-কার্নিভোরাস’ বা আধা-মাংসাশী স্বভাবের। ধারণা করা হয়, এটি ছোট প্রাণীদের ফাঁদে ফেলে মারতে পারলেও তাদের শরীর হজম করার ক্ষমতা রাখে না। একই পরিবারের ‘পুয়া চিলেনসিস’ উদ্ভিদের মধ্যেও এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করা গেছে, যা এই ধারণাকে আরও জোরালো করে।

বর্তমানে জলবায়ু পরিবর্তন, গবাদিপশুর অবাধ চারণ, ঘন ঘন অগ্নিকাণ্ড এবং প্রাকৃতিক বাসস্থানের বিনাশের কারণে এই উদ্ভিদটি সংকটের মুখে। ফলে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (IUCN) একে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে পেরুর তিতানকাইয়ক আঞ্চলিক সংরক্ষণ এলাকা এবং হুয়াসকারান ন্যাশনাল পার্কের মতো সংরক্ষিত অঞ্চলগুলোতে এই বিরল উদ্ভিদটিকে এখনো বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে।