মহাবিশ্বের এক বিরল ও রোমাঞ্চকর দৃশ্য প্রত্যক্ষ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকর্ষীয় বন্ধনে আবদ্ধ দুটি তারার একটি অন্যটিকে গিলে ফেলার ঘটনা প্রথমবারের মতো সরাসরি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মিল্কি ওয়ে ছায়াপথের প্রতিবেশী অ্যান্ড্রোমিডা ছায়াপথের শেষ প্রান্তে, যা পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত।

গবেষণায় দেখা গেছে, একটি বিশাল মৃতপ্রায় তারা—যার ভর সূর্যের সাত গুণ এবং উজ্জ্বলতা ১৮ হাজার গুণ বেশি—তার ছোট সঙ্গী তারাটিকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। এই প্রক্রিয়াটি শুরু হয় যখন বড় তারাটি তার জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, যাকে বিজ্ঞানীরা ‘পাফি সুপারজায়ান্ট’ বলে অভিহিত করেছেন। সূর্যের ব্যাসের তুলনায় প্রায় ৩৫০ গুণ বিস্তৃত হয়ে এই দানবাকার তারাটি তার কক্ষপথে প্রদক্ষিণরত ছোট তারাটিকে (যার আকার সূর্যের ৭০ শতাংশের মতো) নিজের ভেতরে টেনে নেয়।

এই মহাজাগতিক মিলনের প্রক্রিয়াটি বিজ্ঞানীদের কাছে ছিল অত্যন্ত আকর্ষণীয়। তারা গ্রাসের এই ঘটনাটি ঘটার প্রায় তিন বছর আগেই গবেষকরা তা শনাক্ত করেছিলেন এবং পরবর্তী দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অফ কলাম্বিয়ার পোস্টডক্টরাল গবেষক ও নাসা হাবল ফেলো বিরাজ করমবেলকর জানান, তাত্ত্বিকভাবে এই বিষয়ে বহু আলোচনা থাকলেও সরাসরি এমন দৃশ্য ধরা পড়ার ঘটনা এটিই প্রথম। তার মতে, মহাবিশ্বের বর্তমান তারাব্যবস্থাকে ব্যাখ্যা করতে এই ধরনের একীভূতকরণ প্রক্রিয়ার ফলাফল বোঝা অত্যন্ত জরুরি।

ঘটনাটির বিবরণ দিতে গিয়ে গবেষকরা জানান, ২০১৮ সালে তারাটির উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে এই প্রক্রিয়ার সূচনা হয়। পরবর্তী সাত বছর ধরে ছোট তারাটি সর্পিল গতিতে বড় তারাটির কেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকে। অবশেষে ২০২৫ সালের শেষ দিকে ছোট তারাটি বড় তারাটির কেন্দ্রের সাথে মিশে যায়, যার ফলে সূর্যের চেয়ে ১০ লাখ গুণ বেশি উজ্জ্বল এক বিস্ফোরণ ঘটে। করমবেলকর এই প্রবল সংঘর্ষকে একটি ‘বোমা ফাটানোর’ সাথে তুলনা করেছেন এবং একে ‘ইউনিফিকেশন ইভেন্ট’ বা একত্রীকরণ ঘটনা বলে বর্ণনা করেছেন।

এই গবেষণায় ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির ‘উইন্টার’ টেলিস্কোপ এবং নাসার ‘নিওওয়াইজ’ স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে ‘জেমস ওয়েব’ ও ‘স্ফিয়ারএক্স’ স্পেস টেলিস্কোপের পাশাপাশি বিভিন্ন ভূমিভিত্তিক মানমন্দিরের সাহায্যে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। কলাম্বিয়ার জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক কিশলয় দে উল্লেখ করেন, আগে ছোট ও ঘনবদ্ধ তারার একীভূত হওয়ার ঘটনা দেখা গেলেও, এবার একটি আলগা আবরণের ফুলে ওঠা তারার সঙ্গে অন্য তারার একীভূত হওয়াটি ভিন্নধর্মী ও বিশেষ। তিনি জানান, কিছু ক্ষেত্রে ছোট তারাটির শক্তি এত বেশি থাকে যে তা বড় তারার বাইরের স্তর উড়িয়ে দিতে পারে, তবে এখানে সম্পূর্ণ একীভূতকরণ ঘটেছে।

বিজ্ঞানীদের ধারণা, এই প্রক্রিয়ার ফলে বড় তারাটি জীবনকালের শেষ প্রান্তে থাকলেও নতুনভাবে পুনর্জীবিত হতে পারে। গবেষকরা এই নতুন একীভূত তারার একটি বিশেষ ডাকনাম দিয়েছেন—‘বাও’। এটি মূলত চীনা রন্ধনশৈলীর জনপ্রিয় ভাপা রুটির নাম থেকে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই বিস্ফোরণটির নাম দেওয়া হয়েছিল ‘এটি২০২৫অ্যাবাও’ (AT2025abao), যা থেকে সংক্ষেপে একে ‘বাও’ ডাকা হচ্ছে।