শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সড়কপথে যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ বাস সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়ে এই বিশেষ সেবা চলবে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত।

যাত্রীদের সুবিধার্থে আগামী শুক্রবার থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশের ২২টি বিআরটিসি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বিআরটিসি ‘ঈদ স্পেশাল সার্ভিস’ পরিচালনা করে থাকে। এবার পূজার টানা পাঁচ দিনের সরকারি ছুটির কারণে সড়কপথে ব্যাপক ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে, আর সেই চাপ সামলাতেই সড়ক মন্ত্রণালয়ের এই বিশেষ পদক্ষেপ।

বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সেবার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একতলা, দ্বিতল, শীতাতপনিয়ন্ত্রিত (এসি) এবং নন-এসি—সব ধরনের বাসই থাকবে। তবে যাত্রীচাহিদা আরও বৃদ্ধি পেলে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এই বিশেষ বাসগুলোর সিংহভাগই গাজীপুর এবং ঢাকার বিভিন্ন ডিপো থেকে ছেড়ে যাবে।

গন্তব্য তালিকার মধ্যে রয়েছে চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মাদারীপুর, ভূরুঙ্গামারী, পঞ্চগড়, নওগাঁ, রাজশাহী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পাবনা, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া ও রংপুর। এছাড়া আন্তঃজেলা রুটেও কিছু বিশেষ বাস চলাচল করবে।

যাতায়াতে বাড়তি সুবিধা দিতে মহাখালী বাস টার্মিনাল, চন্দ্রা মোড়, গাজীপুর চৌরাস্তা, সায়েদাবাদ বাস টার্মিনাল, ফুলবাড়িয়া সিবিএস-২ এবং মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে সার্বক্ষণিকভাবে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে। এই বিশেষ সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিআরটিসি প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিআরটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শুকদেব ঢালী জানান, বিআরটিসি নিয়মিতভাবে ২০০টিরও বেশি রুটে বাস পরিচালনা করে। তবে দীর্ঘ ছুটির কারণে সড়কে যে বাড়তি চাপ তৈরি হবে, তা বিবেচনা করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়মিত সেবার বাইরে এই বিশেষ বাসগুলো চালানো হবে।