ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর শাহবাগে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে, যারা ডিবি পরিচয়ে ডাকাতির পরিকল্পনা করছিল বলে জানা গেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বারডেম হাসপাতালের বিপরীতে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন জুয়েল মৃধা (৩৮), রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), রহমান হাওলাদার (৩৯), বিল্লাল (৩২) ও মারুফ (৩৮)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিবির মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু ব্যক্তি ভুয়া ডিবি পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হয়েছে। পরে সেখানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং 'ডিবি' লেখা দুটি জ্যাকেট। জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তারা ডিবি পুলিশের ভুয়া পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষকে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

এই ঘটনায় আটকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ডিবির এই সাফল্যকে রাজধানীতে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।