নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের ইতিহাসে তিনি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি যিনি এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হলেন। অভিজ্ঞ পর্বতারোহী বদর আল-শাইবানির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দীর্ঘ ৯ দিন ধরে হিমালয়ের অত্যন্ত কঠিন ও দুর্গম পথ পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত বেজক্যাম্পে পৌঁছান তিনি। ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এই সাফল্যের কথা জানানো হয়েছে।

হিমশীতল আবহাওয়া এবং বরফে ঢাকা পাথুরে পথে চলাচলের জন্য রাশাদ মূলত তার স্পর্শানুভূতি, ট্রেকিং পোল এবং সহযাত্রীদের দেওয়া মৌখিক নির্দেশের ওপর নির্ভর করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই অভিজ্ঞতার কথা জানিয়ে বদর আল-শাইবানি বলেন, পথের ধরন পরিবর্তন হলে বা সামনে কোনো খাড়া ধাপ থাকলে তিনি রাশাদকে সংকেত দিতেন। রাশাদ তার বুট জুতার শব্দ এবং লাঠির স্পর্শের মাধ্যমে মাটির অবস্থা অনুভব করে সামনে এগিয়ে যেতেন। আল-শাইবানি আরও জানান, যদিও তিনি আগে এভারেস্টের চূড়া জয় করেছেন, তবে রাশাদের সঙ্গে এই যাত্রার অনুভূতি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং এটি তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অসীম সক্ষমতা এবং রাশাদের দৃঢ় সংকল্প ও নিয়মানুবর্তিতার প্রশংসা করেন তিনি। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে রোমাঞ্চকর চ্যালেঞ্জ গ্রহণে অন্যদের উৎসাহিত করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

এই পুরো অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি উল্লেখ করেন যে, উচ্চতাজনিত প্রতিকূলতা এবং অত্যন্ত বিপজ্জনক পথ থাকা সত্ত্বেও পথপ্রদর্শকদের প্রতি তার অগাধ বিশ্বাস তাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগী হতে সাহায্য করেছে। তার এই অর্জন যেন অন্যান্য তরুণদের অনুপ্রাণিত করে এবং তারা যেন প্রতিবন্ধকতাকে বাধা হিসেবে না দেখে স্বপ্নের দিকে এগিয়ে যায়, সেটাই তার প্রত্যাশা। এই মানবিক ও অনুপ্রেরণাদায়ক যাত্রার ওপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র তৈরির কাজ চলছে, যা ২০২৭ সালে মুক্তি পেতে পারে।

সৌদি আরবের জন্য এটি প্রথম সাফল্য হলেও বিশ্বজুড়ে আরও কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এভারেস্ট জয় করেছেন। ভারতের ছোনজিন আংমো প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন। এছাড়া বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রিয়াঙ্কা আগরওয়াল দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী ভারতীয় নারী হিসেবে বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করেছেন। এশীয়দের মধ্যে প্রথম হিসেবে ২০২১ সালে চীনের ঝাং হং এভারেস্টের চূড়ায় ওঠেন, যিনি বিশ্বের তৃতীয় দৃষ্টিপ্রতিবন্ধী বিজয়ী। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার প্রথম ও দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে চূড়ায় পৌঁছেছিলেন। এদিকে, যুক্তরাজ্যের দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন ২০২৭ সালের নভেম্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে এভারেস্ট বেজক্যাম্পে একটি বিশেষ অভিযানের পরিকল্পনা করেছে।