ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম বিধ্বংসী দাবানলের জন্য দায়ী হিসেবে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে লস অ্যাঞ্জেলেসের একটি জুরি। অভিযুক্ত জোনাথন রিন্ডারনেখট গত বছরের জানুয়ারিতে প্যাসিফিক প্যালিসাডেস এবং ম্যালিবুর বিভিন্ন অংশে আগুন জ্বালিয়েছিলেন, যার ফলে ১২ জন প্রাণ হারান এবং ৬,৮০০টিরও বেশি স্থাপনা ভস্মীভূত হয়।

এর আগে জুরির সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে বিচারক এই মামলার ট্রায়াল বাতিল ঘোষণা করেছিলেন। তবে পাঁচ মাস পর পুনরায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে রিন্ডারনেখটকে দুটি ফেডারেল অভিযোগে দোষী ঘোষণা করা হয়। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, তবে আদালত তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। আগামী ১৭ মার্চ তার চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে, যেখানে প্রতিটি অভিযোগে তিনি ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন।

তদন্তে জানা গেছে, গত বছরের ১ জানুয়ারি রিন্ডারনেখট প্রথম আগুন জ্বালিয়েছিলেন। সেই আগুন গাছের মূলের গভীরে দীর্ঘ সময় ধরে অদৃশ্যভাবে জ্বলছিল এবং ছয় দিন পর তা হঠাৎ তীব্র হয়ে ভয়াবহ রূপ নেয়। প্রথমবার আগুন জ্বালানোর অপরাধ এবং পরবর্তীতে সেই আগুনের কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য তাকে দুটি আলাদা অভিযোগে অভিযুক্ত করা হয়। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিসের প্রধান বিল এসায়লি জানান, এই রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং যাদের জীবন বিপর্যস্ত হয়েছে, তারা কিছুটা ন্যায়বিচার পেলেন।

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এবং পেশায় রাইড-শেয়ার ডেলিভারি চালক রিন্ডারনেখটের আইনজীবী স্টিভ হেনি আদালতে দাবি করেছিলেন যে, প্রসিকিউশনের কাছে যথেষ্ট ভৌত প্রমাণ বা নথিপত্র নেই। যদিও তারা এই রায়ে হতাশা প্রকাশ করেছেন, তবে জুরির সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেছেন। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, কোনো রায়ই নিহতদের ফিরিয়ে আনতে পারবে না বা পরিবারগুলোর কষ্ট মুছে দিতে পারবে না। তিনি আরও জানান, অনেক মানুষ এখনো তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের লড়াই চালিয়ে যাচ্ছেন এবং বাস্তুচ্যুতদের জন্য এই বিপর্যয় এখনো এক রূঢ় বাস্তব।

প্রসিকিউটরদের দাবি অনুযায়ী, ছুটির দিনে যাওয়ার কোনো জায়গা না থাকায় একাকীত্ব, ক্রোধ এবং প্রতিশোধের বশবর্তী হয়ে রিন্ডারনেখট এই কাজ করেন। তাঁর আইফোনের জিওলোকেশন ডেটা, সিকিউরিটি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। অভিযোগে বলা হয়, রিন্ডারনেখটের বিশ্বাস ছিল যে ধনীরা পৃথিবীকে ধ্বংস করছে, আর তাই তিনি অভিজাত এলাকাটি লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন জ্বালান। উল্লেখ্য, গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে একের পর এক অগ্নিকাণ্ডে মোট ৩১ জনের মৃত্যু হয়েছিল এবং ১৬,০০০টি স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল।