সাধারণত লোককথা বা সিনেমার গল্পে দেখানো হয় যে, বিপরীত স্বভাবের মানুষ একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হয়। তবে আধুনিক বিজ্ঞান ও মনস্তত্ত্বের গবেষণায় এই ধারণার বিপরীতে ভিন্ন তথ্য পাওয়া গেছে। মার্কিন কাপলস থেরাপিস্ট এবং লেখক ডা. কাইল ডি. কিলিয়ান তার এক নিবন্ধে উল্লেখ করেছেন যে, প্রাথমিক পর্যায়ে ভিন্ন স্বভাবের মানুষের প্রতি কৌতূহল থাকলেও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য চারিত্রিক মিল থাকা অত্যন্ত জরুরি।
'নেচার হিউম্যান বিহেভিয়ার'-এ প্রকাশিত ১৯৯টি পিয়ার-রিভিউড গবেষণার এক সমন্বিত পর্যালোচনার বরাত দিয়ে ডা. কিলিয়ান জানান, ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের গবেষক হরউইটজ এবং তার দলের পর্যবেক্ষণে দেখা গেছে, দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা দম্পতিদের মধ্যে প্রায় ৮৯ শতাংশ মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য এবং মূল্যবোধের মিল থাকে। বিশেষ করে জীবনযাপনের অভ্যাস এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই সামঞ্জস্য বেশি পরিলক্ষিত হয়।
গবেষণার তথ্যানুসারে, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক আদর্শ, দৈনন্দিন অভ্যাস এবং জীবনের সামগ্রিক লক্ষ্যের মতো মৌলিক বিষয়গুলোতে সঙ্গীদের মধ্যে গভীর মিল থাকা আবশ্যক। বর্তমান সময়ে সমাজ ও রাজনীতিতে যে তীব্র মেরুকরণ চলছে, তার ফলে সম্পূর্ণ বিপরীত আদর্শের দুজন মানুষের পক্ষে একসঙ্গে দীর্ঘ পথ চলা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।
তবে ডা. কিলিয়ানের মতে, জীবনদর্শনে মিল থাকলেও ব্যবহারিক দক্ষতা বা প্রতিভার ক্ষেত্রে ভিন্নতা সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে পারে। উদাহরণস্বরূপ, ভ্রমণের সময় একজন সঙ্গী নতুন গন্তব্য খুঁজে বের করার উৎসাহ দিতে পারেন, আর অন্যজন নিখুঁতভাবে সেই ভ্রমণের যাবতীয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা সম্পন্ন করতে পারেন। একে অপরের পরিপূরক হিসেবে এই ভিন্নতা ভারসাম্য তৈরি করে।
মানুষের সহজাত প্রবৃত্তি হলো নিজের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে এমন সঙ্গীর প্রতি আকৃষ্ট হওয়া, যাকে মনস্তত্ত্বের ভাষায় ‘হোমোফিলি’ বলা হয়। প্রাথমিক রোমান্স বা সাময়িক ভালোলাগা কেটে যাওয়ার পর সম্পর্কের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় ব্যক্তিত্বের এই মিল। তবে ব্যক্তিত্বের ভিন্নতা সবসময় নেতিবাচক নয়। যেমন—একজন অন্তর্মুখী এবং অন্যজন বহির্মুখী হলে, মিশুক সঙ্গীটি সামাজিক দায়িত্বগুলো সামলে অন্তর্মুখী সঙ্গীর ঘাটতি পূরণ করতে পারেন।
দীর্ঘ সময় একসঙ্গে জীবন অতিবাহিত করার ফলে সঙ্গীরা একে অপরের দ্বারা প্রভাবিত হন এবং ব্যক্তিত্বের একটি মধ্যম অবস্থানে চলে আসেন। ফলে অতি মিশুক ব্যক্তি একাকীত্বের গুরুত্ব বুঝতে শেখেন এবং অন্তর্মুখী ব্যক্তি সামাজিক মেলামেশায় আরও দক্ষ হয়ে ওঠেন।




