ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নিহত হওয়া প্রধান শিক্ষিকার ঘটনায় জড়িত ‘প্রকৃত ছিনতাইকারী’ হিসেবে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আটক করা হয় বলে বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম উপস্থিত থেকে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।
গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন রনজিলা পারভিন (৫৬)। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। চিকিৎসার জন্য স্বামী আবদুল মতিনের সঙ্গে ঢাকায় এসেছিলেন। কল্যাণপুর বাস টার্মিনালে নেমে হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতের ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার পর রনজিলার স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। এর আগে এই মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানায় সংস্থাটি। তবে গ্রেপ্তার দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি নিয়ে প্রশ্ন ওঠে। এবার ডিবি জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, তাদেরই আটক করা হয়েছে।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরায় যে দুইজনকে দেখা গেছে, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। তাদের যে পোশাকে দেখা গেছে, সেই পোশাকেই আটক করা হয়েছে। এমনকি তাদের কাছ থেকে নিহত শিক্ষিকার মালামালও উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।




