রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে আজ রোববার সকালে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে দেখা যায় দলটির শীর্ষ দুই নেতাকে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন যৌথভাবে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে সেখানে দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশেষ করে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পান রুহুল কবির রিজভী আহমেদ। অন্যদিকে, তথ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে এসে সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন।




