বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ংকর বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের বোলিং মার্কে যাওয়ার আগে আম্পায়ারদের পকেটে মিষ্টি দিয়ে যাওয়ার অভ্যাস ছিল অনেকের কাছেই অদ্ভুত। তবে এর নেপথ্যে ছিল এক করুণ ও লড়াইয়ের গল্প। নিজের আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’-এ আকরাম প্রকাশ করেছেন, রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গেলে তাৎক্ষণিক প্রতিকারের জন্য তিনি এই কৌশল অবলম্বন করতেন।
১৯৯৭ সালের দিকে এই অসুস্থতার লক্ষণগুলো তীব্র হতে শুরু করে। শারজায় সিঙ্গার চ্যাম্পিয়নস ট্রফির সময় তিনি প্রচণ্ড ক্ষুধা, ক্লান্তি এবং মাথাব্যথার সমস্যায় ভুগতেন, অথচ তাঁর ওজন কমছিল। এরপর লন্ডনে কাঁধের অস্ত্রোপচারের ফলোআপে গিয়ে তিনি জানতে পারেন, দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁর নাম নেই। করাচিতে ফিরে পিআইএর হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচে বোলিং করতে গিয়ে তিনি চরম শারীরিক দুর্বলতা অনুভব করেন। এরপর লাহোরে বাবার পরামর্শে রক্ত পরীক্ষা করালে জানা যায়, তাঁর রক্তের শর্করার মাত্রা ১১০-এর পরিবর্তে ছিল ৪৪০। একজন ফাস্ট বোলারের জন্য এটি ছিল এক বিধ্বংসী আঘাত, কারণ তিনি আগে কখনো কোনো অ্যাথলেটের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথা জানতেন না।
লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজের অধ্যাপক ফয়সাল মাসুদের তত্ত্বাবধানে আকরামের চিকিৎসা শুরু হয়। চিকিৎসকের আশ্বাসে তিনি জানতে পারেন, সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখলে ক্রিকেট খেলা সম্ভব। এরপর শুরু হয় তাঁর জীবনের এক নতুন পাঠশালা। তিনি শিখলেন ইনসুলিন গ্রহণ, সংরক্ষণ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন। ভারী কার্বোহাইড্রেট ও ভাজাপোড়া খাবার ছেড়ে তিনি শাকসবজি ও সালাদ খাওয়া শুরু করেন। সেই সময়ে ইনসুলিন নেওয়া বর্তমানের মতো সহজ ছিল না; বড় সুঁই ও বোতলের ব্যবহার এবং ফ্রিজে সংরক্ষণের ঝামেলা ছিল প্রচুর। তবে স্ত্রী হুমার অনুপ্রেরণায় তিনি পুনরায় অনুশীলনে ফেরেন এবং পিসিবি চেয়ারম্যান খালিদ মাহমুদের সমর্থনে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পান। যদিও গতি ও সহনশীলতা কিছুটা কমে গিয়েছিল, তবে তিনি বুদ্ধিমত্তার জোরে নিজেকে ধরে রাখেন।
পাকিস্তানের সামাজিক প্রেক্ষাপটে ইনসুলিন নিয়ে প্রচলিত ভুল ধারণার কারণে তিনি দীর্ঘ সময় তাঁর এই অসুস্থতার কথা গোপন রেখেছিলেন। ১৯৯৮ সালে ম্যাচ ফিক্সিং তদন্তের মানসিক চাপ তাঁর ডায়াবেটিসকে আরও জটিল করে তোলে। তা সত্ত্বেও ১৯৯৯ সালের চেন্নাই টেস্টে প্রখর রোদে ৪২ ওভার বোলিং করে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে থাকেন তিনি। অনিল কুম্বলের মতো কিংবদন্তি ক্রিকেটারও আকরামের এই লড়াইকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেছেন।
অবসরের পর তাঁর জীবন আরও কঠিন হয়ে ওঠে। এক সময় তিনি কোকেনের নেশায় আসক্ত হয়ে পড়েন এবং ডায়াবেটিসের যত্ন নেওয়া ছেড়ে দিয়েছিলেন। ২০০৯ সালে স্ত্রী হুমার মৃত্যু তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। বর্তমানেও তিনি এই রোগের সঙ্গে লড়াই করছেন। তবে ২০০৪ সাল থেকে তিনি সুইস কোম্পানি রশ এবং ডেনিশ প্রতিষ্ঠান নোভো নরডিস্কের সঙ্গে যুক্ত হয়ে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। তাঁর মূল লক্ষ্য হলো উপমহাদেশের মানুষের মনে এই রোগ ও ইনসুলিন নিয়ে থাকা ভয় দূর করা। তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে, ডায়াবেটিসে আক্রান্ত হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি উইকেট নেওয়া এবং স্বাভাবিক পারিবারিক জীবন অতিবাহিত করা সম্ভব।




