অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে এসেছে নতুন সদস্য। রোববার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। এই আনন্দঘন মুহূর্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বার্তার মাধ্যমে তাদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের জানান দম্পতি। নবজাতকের কথা জানিয়ে তারা লিখেছেন, “আমাদের নতুন সদস্য, আমাদের বীরপুরুষ এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।”
এই সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোহিনী ও শোভন বিনোদন জগতের সহকর্মী এবং ভক্তদের শুভেচ্ছাবার্তায় অভিভূত। উল্লেখ্য, নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর সময় সোহিনী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানান যে তিনি মা হতে চলেছেন। সেই সময়ে একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, “তিন বছরের পথচলায় আমরা দুই থেকে তিনের পথে।”
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই মাসে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।




