টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'অলওয়েজ লালিসা' শীর্ষক তথ্যচিত্রের প্রিমিয়ার সম্পন্ন হয়েছে গত ১১ সেপ্টেম্বর। এই প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পুরোনো একটি ভিডিও নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন ব্ল্যাকপিংক সদস্য লিসা। প্রায় এক দশকের বেশি সময় আগে তোলা ওই ভিডিওতে কৃষ্ণাঙ্গদের উদ্দেশে ব্যবহৃত একটি বর্ণবাদী শব্দ ব্যবহার করেছিলেন তিনি, যা নিয়ে গত বছর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

সেই প্রসঙ্গে লিসা বলেন, ওই সময় তিনি শব্দটির অর্থ বা এর বর্ণবাদী ইতিহাস সম্পর্কে অবগত ছিলেন না। থাইল্যান্ডে বেড়ে ওঠার কারণে এ বিষয়ে কোনো শিক্ষা তিনি পাননি বলে জানান তিনি। ক্ষমা চেয়ে লিসার ভাষ্য, ‘আমাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। সত্যি বলতে, আমি থাইল্যান্ডে বড় হয়েছি। সেখানে এ বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। তাই তখন আমি জানতাম না।’

ওই ভিডিওগুলোতে লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী অবস্থায় অন্যান্য শিল্পীদের গানের অনুশীলন করছিলেন, যেসব গানের কথায় ওই বর্ণবাদী শব্দটি ছিল। ২০২৫ সালে লিসার প্রথম একক পরিবেশনা কোচেলার প্রস্তুতির সময় ভিডিওগুলো প্রকাশ্যে এলে বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। নিজের সেই অবস্থান থেকে এখন তিনি স্পষ্টতই দূরে সরে এসেছেন। লিসা বলেন, ‘এখন আমি বিষয়টি জেনেছি এবং এ সম্পর্কে শিক্ষা নিয়েছি। আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি। সত্যিই।’

তবে বিতর্কের সময় প্রকাশ্যে কোনো মন্তব্য করতে তাঁকে তাঁর নিজ প্রতিষ্ঠান নিষেধ করেছিল, এমনটাই উঠে এসেছে তথ্যচিত্রে। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে লিসা বলেন, ‘আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ, আমি শুধু আমার পরিবেশনায় মন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আমি লড়াই করে এগিয়ে গেছি।’

আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে ‘অলওয়েজ লালিসা’ তথ্যচিত্রটি। এরপর চলতি বছরই ইউটিউব প্রিমিয়ামে দেখা যাবে এটি। ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতাই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। বর্তমানে লিসা, জেনি, জিসু ও রোজে নিজ নিজ একক কাজে ব্যস্ত থাকলেও ব্যান্ডটি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার কোনো পরিকল্পনা নেই। লিসার কথায়, ‘আমার বয়স ৫০ হলেও আমি ব্ল্যাকপিংক করতে চাই।’