নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে শনিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে দুই সহোদর। নিহতরা হলেন আতিকুল ইসলামের ছেলে আবু বক্কর (৬) এবং মেয়ে আতিয়ারা (৯)। স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সোয়া ৪টার দিকে বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের ধারে কাদামাটি নিয়ে খেলছিল তারা। খেলার একপর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা দ্রুত তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। আইনগত কোনো জটিলতা না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।