রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত ‘ইকবাল সেন্টার’ ছেড়ে তেজগাঁওয়ের ‘শান্তা পিনাকল’-এ স্থানান্তরিত হয়েছে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়। দেশের প্রথম ৪০ তলা ভবন হিসেবে পরিচিত এই স্থাপনার নির্মাণকাজ গত এপ্রিলে সম্পন্ন হয়। এর আগে ব্যাংকটিকে ভাড়া বাবদ বার্ষিক ৭৪ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকা গুনতে হতো, যা এখন কমে দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৩৪ লাখ টাকায়। ফলে বছরে প্রায় ৫৫ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ইকবাল সেন্টারের ২২ তলা ভবনের ১৯ তলায় মোট ১ লাখ ২২ হাজার বর্গফুট জায়গা ভাড়া ছিল ব্যাংকটির। প্রতি বর্গফুটের জন্য ৫০৬ টাকা ভাড়া এবং ৫০ থেকে ৬০ টাকা সেবা মাশুল দিতে হতো। এতে মাসিক ভাড়া দাঁড়াত ৬ কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকা। অন্যদিকে শান্তা পিনাকলের সাতটি তলায় ১ লাখ ১ হাজার ৯২০ বর্গফুট জায়গার জন্য প্রতি বর্গফুটে ১৫০ টাকা ভাড়া ও ২০ টাকা সেবা মাশুল নির্ধারণ করা হয়েছে, ফলে মাসিক খরচ হচ্ছে ১ কোটি ৫২ লাখ ৮৮ হাজার টাকা। এ হিসাবে প্রতি মাসে ভাড়া খরচ কমেছে ৪ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার টাকা, যা বার্ষিক ভিত্তিতে দাঁড়ায় ৫৫ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বিরুদ্ধে অভিযোগ, নিজের মালিকানাধীন ভবনের জন্য বাজারদরের চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করছিলেন তিনি। প্রতিষ্ঠার পর থেকে টানা ২৬ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইকবাল। গত বছরের আগস্টে সরকার পতনের পর তিনি পদ ছাড়েন, এবং নতুন পরিচালনা পর্ষদ ভাড়ার অস্বাভাবিকতা টের পেয়ে ভবন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। শুধু প্রধান কার্যালয়ই নয়, ইকবালের সংশ্লিষ্টতা থাকায় গুলশান ও বারিধারা শাখাও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, ব্যাংকটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে কর্মপরিবেশ উন্নত করার অংশ হিসেবে প্রধান কার্যালয়সহ একাধিক শাখা স্থানান্তর করা হচ্ছে। অতীতে ভাড়ার বোঝা অনেক বেশি ছিল, যা এখন কমেছে। এতে খরচ কমার পাশাপাশি আর্থিক সূচকের উন্নতি ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে স্থানান্তরের সময় বাধার ঘটনাও ঘটেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, ২ আগস্ট তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সার্ভার সরানোর জন্য দুটি ট্রাক ভাড়া করা হলে রাত ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন বহিরাগত ব্যক্তি ট্রাকের চাবি কেড়ে নেয়। পরে তাদের চাপে মালামাল ১০ তলায় ফিরিয়ে নেওয়া হয়। এরপর ২০-২৫ জনের একটি দল ১৪ তলায় চেয়ারম্যানের কক্ষে জোর করে ঢোকার চেষ্টা করে। পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি; পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং চেয়ারম্যান ভবন ত্যাগ করেন।
চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ইকবাল সেন্টারে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কোনোরকমে প্রাণে বেঁচেছেন তিনি। ভবনটি ছেড়ে আসায় ব্যাংকের সবাই রক্ষা পেয়েছে বলেও মন্তব্য করেন।
অন্যদিকে প্রিমিয়ার ব্যাংকে এইচ বি এম ইকবালের একাধিক বেনামি ঋণের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক, যার অর্থ দুবাই ও মালয়েশিয়ায় পাচারের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, প্রিমিয়ার গ্রুপের অনিয়মে এ পর্যন্ত ১৬টি মামলা হয়েছে। গত সপ্তাহে ইকবালের কার্যালয়ে অভিযান চালিয়ে তা সিলগালা করেছে দুদক।




