দেশের রপ্তানি খাতে নতুন মাত্রা যোগ করতে চট্টগ্রামের মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে এলইডি পণ্য উৎপাদনের একটি আধুনিক কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড। শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ইকোলেটের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুষ্ঠানে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইকোলেটের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সোলিমান স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য আবদুল্লাহ আল মামুন, আ ন ম ফয়জুল হকসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বেপজা এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কারখানাটি চালু হলে বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক পণ্য উৎপাদনের একটি নতুন খাত উন্মোচিত হবে। ইকোলেট কর্তৃপক্ষ জানিয়েছে, এই কারখানায় প্রতি বছর ৬০ লাখ পিস এলইডি বাল্ব এবং ডেকোরেটিভ লাইট তৈরি করা হবে। উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

পোশাক শিল্পের বাইরে প্রযুক্তিনির্ভর এই শিল্প উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছে বেপজা। সংস্থাটি জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে কমপক্ষে ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচলিত তৈরি পোশাক খাতের বাইরে উচ্চ মূল্যের এবং প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদনে গুরুত্ব দিচ্ছে বেপজা। মিরসরাই বেপজা ইজেডে এলইডি কারখানা স্থাপন দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ইকোলেট (প্রাইভেট) লিমিটেড বাংলাদেশের একটি পরিচিত প্রতিষ্ঠান, যারা বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনে আগ্রহী। নতুন এই কারখানা চালু হলে দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।