ঢাকার আদালত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির মামলায় এক আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬ আদালতের বিচারক মো. সাদেকীন হাবিব রঞ্জন চন্দ্র (২৬) নামের ওই আসামিকে ১০ হাজার টাকার বন্ডে মুক্তি দেন। আসামিপক্ষের আইনজীবী পারেমল চন্দ্র বর্মন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মাসে এই মামলার বাকি দুই আসামিও জামিন পান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবন ১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের প্রায় ১১০ মিটার তামার তার খোয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ পাঁচ হাজার টাকা। এ ঘটনায় বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় চুরির মামলা দায়ের করেন।

তদন্তের সময় সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৪ জুন সচিবালয় এলাকা থেকে রঞ্জন ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন, তিনি চুরি করা তার থেকে তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামের একটি দোকানে বিক্রি করেছেন। তার তথ্যের ভিত্তিতে চোরাই তামার ক্রেতা মাহাবুব হাসানকেও গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনজনই কারাগারে ছিলেন।