বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের ফ্রান্সের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আকৃষ্ট করতে ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয় চালু করেছে 'ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ'। এই বিশেষ বৃত্তির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরাও ফ্রান্সের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি (ডক্টরেট) পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে বয়সসীমার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নাতকোত্তর পর্যায়ের জন্য সর্বোচ্চ বয়স ২৯ বছর এবং ডক্টরেট বা পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারিত করা হয়েছে।

এই স্কলারশিপের আবেদন পদ্ধতিটি সাধারণ প্রক্রিয়ার চেয়ে ভিন্ন। কোনো শিক্ষার্থী বা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি 'ক্যাম্প্যাস ফ্রান্স'-এর কাছে আবেদন জমা দিতে পারবেন না; এমন আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবেদন করতে হলে প্রথমে শিক্ষার্থীকে তার ক্যারিয়ার লক্ষ্য ও শিক্ষাগত যোগ্যতার সাথে মিল রেখে একটি ফরাসি বিশ্ববিদ্যালয় এবং নির্দিষ্ট কোর্স নির্বাচন করতে হবে। এরপর ওই বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের সাথে যোগাযোগ করে আবেদনের নিয়ম ও সময়সীমা সম্পর্কে জানতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যোগ্য মনে করে মনোনীত করলে, সেই প্রতিষ্ঠানই আনুষ্ঠানিকভাবে ক্যাম্প্যাস ফ্রান্সের কাছে আবেদনপত্র পাঠাবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাম্প্যাস ফ্রান্সে মূল আবেদনপত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ৬ জানুয়ারি ২০২৭। তবে মনে রাখতে হবে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য এই মূল ডেডলাইনের আগেই আলাদা সময়সীমা নির্ধারিত থাকতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ক্যাম্পাস ফ্রান্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হয়েছে।