যুক্তরাষ্ট্রের সাহিত্যের অন্যতম সেরা স্বীকৃতি হিসেবে পরিচিত ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল বুক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এই তালিকায় কথাসাহিত্য, কবিতা, প্রবন্ধ, অনুবাদ এবং তরুণদের সাহিত্য—এই পাঁচটি পৃথক বিভাগে ১০টি করে মোট ৫০টি বই স্থান পেয়েছে।
কথাসাহিত্য বিভাগের দীর্ঘ তালিকায় নজর কাড়ছে জ্যামাইকার লেখক মারলন জেমসের 'দ্য ডিজঅ্যাপেয়ারার্স' উপন্যাসটি, যা এর আগে বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায়ও জায়গা করে নিয়েছিল। এই বিভাগে আরও অন্তর্ভুক্ত হয়েছে লুইস এরডরিখের 'পাইথনস কিস', এডউইজ ড্যান্টিকাটের 'দেই', ভ্যালেরিয়া লুইসেল্লির 'বিগিনিং মিডল এন্ড' এবং আলেকজান্ডার ম্যাকসিকের 'প্যাসেঞ্জার্স'। অন্যদিকে, তরুণ পাঠকদের জন্য রচিত সাহিত্যের তালিকায় স্থান পেয়েছে চ্যানেল মিলারের 'দ্য মুন উইদাউট স্টারস' বইটির।
অনুবাদ বিভাগে নরওয়ের প্রখ্যাত লেখক কার্ল ওভে কনাউসগার্ডের 'দ্য স্কুল অব নাইট' উপন্যাসটি স্থান পেয়েছে, যার ইংরেজি অনুবাদ করেছেন মার্টিন এইটকেন। এছাড়া এই বিভাগে তাইওয়ানের লেখক পিং লুর-এর 'টু দ্য ইস্ট অব দ্য ইস্ট' এবং ইন্দোনেশিয়ার লেখক ইন্তান পারামাদিথার 'নাইট অব আ থাউজেন্ড হেলস' অন্তর্ভুক্ত হয়েছে। প্রবন্ধ বিভাগে কলিন অ্যাশারের 'দ্য মিডনাইট স্পেশাল: দ্য সিক্রেট প্রিজন হিস্ট্রি অব আমেরিকান মিউজিক' এবং ক্যামংনে ফেলিক্সের 'লেট দ্য পোয়েটস গভর্ন: আ ডিক্লারেশন অব ফ্রিডম' জায়গা করে নিয়েছে। কবিতা বিভাগের তালিকায় রয়েছে লাইলি লং সোলজারের 'উই', ভিক্টোরিয়া চ্যাংয়ের 'ট্রি অব নলেজ' এবং রিচি হফম্যানের 'দ্য ব্রোঞ্জ আর্মস' এর মতো উল্লেখযোগ্য কাজ।
পুরস্কার নির্বাচনের প্রক্রিয়ায় বিচারকমণ্ডলী প্রতিটি বিভাগ থেকে ১০টি বইয়ের দীর্ঘ তালিকা থেকে পাঁচটি করে বই চূড়ান্ত করবেন। আগামী ৬ অক্টোবর এই চূড়ান্ত তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পরবর্তীতে ১৮ নভেম্বর ম্যানহাটানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
মূল পুরস্কারের পাশাপাশি এবার বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকান সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক প্রদান করা হবে লেখক সালমান রুশদিকে। এছাড়া আমেরিকান সাহিত্যসমাজে অসামান্য সেবার জন্য সম্মাননা পাবেন পেরি ক্লাস।




