শুক্রবার অনুষ্ঠিত নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ম্যাচে সুদুর পশ্চিম রয়্যালসের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে কর্নালি ইয়াকস। প্রতিপক্ষের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়াতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয় আরিফুল ও মিলারের দল, যার ফলে ৩৯ রানের পরাজয় তারা মেনে নেয়।

পুরো দলের নিষ্প্রভ ব্যাটিংয়ের মাঝে একাই লড়াই চালিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ডেভিড মিলার। চার নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৫৫ বলে ৯৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার এই ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৫টি চার। বিশেষ করে ম্যাচের শেষ ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন। মিলারের বাইরে দলের অন্য ব্যাটসম্যানদের কেউই বড় অবদান রাখতে পারেননি; দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দীপক, যার সংগ্রহ ছিল মাত্র ১৮ রান।

অন্যদিকে, হতাশাজনকভাবে শূন্য রানে আউট হয়ে গেছেন বাংলাদেশের ২১ বছর বয়সী ওপেনার আরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের একটি বল অফ সাইডে মারার চেষ্টা করতে গিয়ে টাইমিং ভুল করেন তিনি, ফলে ৩০ গজ বৃত্তের ভেতর থেকে ফিল্ডারের ক্যাচে আউট হন। মাত্র দুটি বল খেলে রানের দেখা পাননি তিনি। তবে আসরের প্রথম তিনটি ম্যাচে অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আরিফুল। সেই তিন ম্যাচে তিনি যথাক্রমে ২৯ বলে ৪৩, ১২ বলে ৩২ এবং ২২ বলে ৪৪ রান সংগ্রহ করেছিলেন। চারটি ম্যাচ শেষে তার মোট রান ১১৯, যেখানে স্ট্রাইক রেট ছিল ১৮৩.০৭। এই চার ম্যাচে তিনি মোট ১০টি ছক্কা এবং ৮টি চার মেরেছেন।