শিশু-কিশোরদের মাঝে অত্যন্ত জনপ্রিয় রহস্য সিরিজ 'ছোটকাকু'-র ১৪টি বই নতুন রূপে বাজারে এসেছে। প্রখ্যাত শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের এই সিরিজের বইগুলো প্রকাশ করেছে অন্যপ্রকাশ। নতুন এই সংকলনের মধ্যে ১০টি বইয়ে মোট ২০টি রহস্য গল্প স্থান পেয়েছে, যেখানে প্রতি বইয়ে দুটি করে গল্প রয়েছে। পাশাপাশি অনুবাদ করা ছোটকাকুর আরও চারটি বই প্রকাশিত হয়েছে। বইগুলোর আকর্ষণীয় প্রচ্ছদটি নকশা করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

চ্যানেল আই প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ, অভিনেতা তারিক আনাম খান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং প্রখ্যাত লেখক আনিসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তর-এর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ মো. হামিদুল হক, মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এবং চ্যানেল আই-এর চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান। অনুষ্ঠানে লেখক ও সাংবাদিকসহ ছোটকাকুর অনেক শুভানুধ্বী অংশ নেন। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কবি ও অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম এবং উপস্থাপনার দায়িত্বে ছিলেন দীপ্তি চৌধুরী।

বই প্রকাশের পাশাপাশি ছোটকাকুকে কেন্দ্র করে একটি বিশেষ উৎসবের কথা জানানো হয়েছে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী 'ছোটকাকু উৎসব' অনুষ্ঠিত হবে। এই উৎসবে ছোটকাকুর রহস্যময় জগতকে ঘিরে বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে এবং সকল পাঠককে সেখানে আমন্ত্রিত জানানো হয়েছে।