নরসিংদী রেলওয়ে স্টেশনের দুই প্ল্যাটফর্মের মধ্যবর্তী স্থানে অসুস্থ হয়ে পড়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর আনুমানিক বয়স ৫০ বছরের বেশি এবং মৃত্যুর সময় পরনে কালো শার্ট ও লুঙ্গি ছিল বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে নরসিংদী সরকারি কলেজের তিন শিক্ষার্থী দ্রুত তাকে উদ্ধার করেন। এরপর অটোরিকশায় করে তাঁকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মৃত ব্যক্তির পরিচয় উদঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের শরণাপন্ন হয় পুলিশ। পিবিআই সদস্যরা তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁর ছবি পোস্ট করা হয়। তবে শনিবার দুপুর পর্যন্ত চালানো ব্যাপক তল্লাশি ও প্রচেষ্টার পরোও তাঁর কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। এমনকি রেলস্টেশনে নিয়মিত যাতায়াত করা স্থানীয় লোকজনও তাঁকে চিনতে পারেননি। তিনি ট্রেনের যাত্রী ছিলেন নাকি পথচারী হিসেবে রেললাইন পার হচ্ছিলেন, তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানিয়েছেন, বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত চলছে। স্বজনদের জন্য বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি এই সময়ের মধ্যে কেউ তাঁর পরিচয় নিশ্চিত না করেন, তবে অজ্ঞাতপরিচয় হিসেবে রেলওয়ে কবরস্থানে তাঁকে দাফন করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।




