আমড়ার ঋতু এখন। কাঁচা আমড়া চিবিয়ে খাওয়ার পাশাপাশি এই ফল দিয়ে ঘরে বানিয়ে নিতে পারেন নানা পদ। তারই একটি মুখি-আমড়ার সোহাগ। রেসিপিটি শেয়ার করেছেন পপআপ রেস্তোরাঁ ‘সঞ্চয়িতা’র স্বত্বাধিকারী ফায়জা আহমেদ।
যা যা লাগবে — কচুর মুখি ২০০ গ্রাম, আমড়া দুটি, শর্ষের তেল দুই টেবিল চামচ, শুকনা মরিচ দুইটি, আস্ত জিরা আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচগুঁড়া সামান্য, ভাজা মাষকলাই ডালের গুঁড়া আধা কাপ, পানি দুই কাপ এবং ধনেপাতাকুচি সামান্য।
প্রণালি অনুযায়ী প্রথমে কচুর মুখি ও আমড়া আলাদাভাবে সেদ্ধ করে রাখতে হবে। এরপর কড়াইয়ে শর্ষের তেল গরম করে তাতে শুকনা মরিচ ও আস্ত জিরা দিয়ে ফোড়ন দিন। ফোড়ন হয়ে গেলে হলুদগুঁড়া, লবণ, মরিচগুঁড়া ও ভাজা মাষকলাই ডালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিন। এরপর অল্প গরম পানি ঢেলে ঢেকে দিন। ডাল সেদ্ধ হয়ে এলে তাতে সেদ্ধ কচুর মুখি ও আমড়া যোগ করুন। এবার দুই কাপ পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। সব উপকরণ ভালোভাবে নরম হয়ে ঝোল ঘন, থকথকে ধরনে এলে ধনেপাতাকুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
গরম লাল চাল বা আতপ চালের ভাতের সঙ্গে এই পদটি পরিবেশন করলে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। একটি বিষয় উল্লেখ করেছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ — আমড়ার রান্নায় পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয়নি। বরং ফোড়নের সুগন্ধ আর স্বাদই এখানে মুখ্য ভূমিকা পালন করেছে।




