মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগো এফসির মুখোমুখি হয়ে আরও একবার গোল করার দক্ষতা দেখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বক্সের সামান্য বাইরে থেকে নিজের প্রিয় বাঁ পায়ের কোনাকুনি শটে ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। তবে ব্যক্তিগত নৈপুণ্য থাকলেও দলের ভাগ্য সহায় ছিল না; শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচটি ড্র করে ইন্টার মায়ামি। এই ফলাফলের ফলে লিগে টানা চতুর্থ ম্যাচে ড্র করল মেসিদের দল।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ১২ মিনিটেই ডেনিশ ফরোয়ার্ড আ্যান্ডার্স ড্রেয়ারের গোলে এগিয়ে যায় সান ডিয়েগো। তবে এই পিছিয়ে থাকা অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঠিক ১২ মিনিট পর ২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সমতায় ফেরান মেসি। ডান প্রান্ত থেকে নেওয়া তার শটটি বক্সে থাকা কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই সরাসরি দূরের পোস্টে গিয়ে জড়ায়, যা সান ডিয়েগোর গোলরক্ষক রুখতে ব্যর্থ হন। এই গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ারের ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়াল ৭৫টি এবং চলতি এমএলএস মৌসুমে এটি তার ২০তম গোল। উল্লেখ্য, মাত্র চার দিন আগে ক্রুজ আজুলের বিপক্ষে গোল করে মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এই তারকা।

দ্বিতীয়ার্ধে মায়ামির জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। ৭৪ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। কিন্তু ম্যাচের শেষ দিকে রক্ষণভাগের দুর্বলতার কারণে ৮২ মিনিটে পুনরায় সমতায় ফেরান আ্যান্ডার্স ড্রেয়ার। শেষ পর্যন্ত কোনো পক্ষই জয় ছিনিয়ে নিতে পারেনি।

এই ড্র-এর ফলে ২৬ ম্যাচে ইন্টার মায়ামির মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৪৬টিতে, যার মধ্যে রয়েছে ১২টি জয়, ১০টি ড্র এবং ৪টি হার। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে তারা বর্তমানে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। নিয়মিত মৌসুমে মায়ামির সামনে এখনও আটটি ম্যাচ বাকি রয়েছে। আগামী রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।