আর্কটিক অঞ্চলের স্বালবার্ড দ্বীপপুঞ্জে একটি নৌযান থেকে ইচ্ছাকৃতভাবে হর্ন বাজিয়ে মেরুভালুকের ঘুম ভেঙে দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে। নরওয়ের এই দ্বীপপুঞ্জের গভর্নর জানান, ওই ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার সমান। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত আগস্ট মাসের শুরুর দিকে নরওয়ের মূল ভূখণ্ড এবং উত্তর মেরুর মাঝামাঝি অবস্থিত স্বালবার্ডের উত্তরাঞ্চলের একটি ফিয়র্ডে চলাচলরত নৌযান থেকে এই হর্ন বাজানো হয়। সাধারণত জাহাজগুলো সমুদ্রে সংকেত দেওয়ার জন্য এই হর্ন ব্যবহার করে থাকে। তবে ইচ্ছাকৃতভাবে মেরুভালুকের ঘুম ভাঙানোর প্রমাণ মেলায় গত ২০ আগস্ট জরিমানা করা হয়।

স্বালবার্ড অঞ্চলের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, অপ্রয়োজনে মেরুভালুককে বিরক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে মেরুভালুককে সংরক্ষিত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইনে আরও বলা আছে, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কোনো ব্যক্তি মেরুভালুকের ৩০০ মিটার (৯৮৪ ফিট) দূরত্বের মধ্যে যেতে পারবে না। অপরদিকে, মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই দূরত্ব ৫০০ মিটার (১ হাজার ৬৪০ ফিট) পর্যন্ত বাড়ানো হয়েছে, কারণ এই সময়টি মেরুভালুকের প্রজননকাল।

সংরক্ষিত প্রজাতি ঘোষণার পর থেকে স্বালবার্ড অঞ্চলে মেরুভালুক শিকার সম্পূর্ণ অবৈধ। বর্তমানে স্বালবার্ড ও বারেন্টস সাগর এলাকাজুড়ে প্রায় তিন হাজার মেরুভালুক রয়েছে। এই অঞ্চলটি নরওয়ে ও রাশিয়ার আঞ্চলিক জলসীমার মধ্যে বিভক্ত। আইন ভঙ্গের এই ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।