ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বীরভূম জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজ বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যরাও একই ধরনের ধারণা প্রকাশ করেছেন।
জানা গেছে, বোলপুর বিদ্যালয়ে করণিক পদে কর্মরত ছিলেন বৃষ্টি। ওই পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে তাকে চাকরিচ্যুত করা হয়। এই ঘটনায় তিনি তীব্র হতাশায় ভুগছিলেন। পাশাপাশি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল তার। সব মিলিয়ে একাকিত্ব ও মানসিক অবসাদ তাকে গ্রাস করেছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায় জানান, মেয়েকে সুস্থ করে তুলতে কলকাতার একটি পুনর্বাসনকেন্দ্রে বেশ কয়েকবার ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখানে তেমন কোনো ফল পাওয়া যায়নি। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত মেয়েটা এভাবে চলে গেল।’ পরিবারের এই শোকের মধ্যে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।




