পবিত্র মক্কা নগরীর আকাশসীমায় হুতিদের ছোঁড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও। ওই ভিডিওতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়। একাধিক পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, মক্কার দক্ষিণে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের ড্রোনটি প্রতিহত করেছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি মক্কার সাম্প্রতিক ঘটনার নয়, বরং এক বছর আগে সৌদির আরেক পবিত্র শহর মদিনার আকাশে ঘটে যাওয়া একটি ঘটনার।

ভিডিওটির অনলাইন অস্তিত্ব অন্তত ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকে খুঁজে পাওয়া যায়। ওই সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম মদিনার ওই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। 'ইসলাম চ্যানেল' নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর একই ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভিডিও প্রকাশ করা হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল মদিনা শহরের মসজিদে নববির কাছাকাছি আকাশে একটি বিস্ফোরণ ঘটেছে। পুরোনো ভিডিওটি বর্তমানে মক্কাকে লক্ষ্য করে হুতিদের ড্রোন প্রতিহতের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছিল। ওই সময়ে মদিনার স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি আকাশ থেকে আলোকিত একটি বস্তু পড়ে যেতে দেখেছিলেন। তবে ড্রোনটি কোন দেশ বা স্থান থেকে ছোঁড়া হয়েছিল, কিংবা এর সঙ্গে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কি না — তা সে সময়ের প্রতিবেদনগুলোতে নিশ্চিত করা যায়নি। মসজিদে নববি বা এর আশপাশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও ছিল না। স্থানীয় কর্তৃপক্ষ তখন জনসাধারণকে অনুমাননির্ভর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।

ভিডিওটির গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যের রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, হুবহু একই ভিডিও ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে আসছে। শুধু তাই নয়, গতকাল রাত ১২টার মধ্যে একটি পেজেই ভিডিওটি ছয় লাখের বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে। পুরোনো ভিডিওটিকে বর্তমান ঘটনার সঙ্গে গুলিয়ে ফেলায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরব গত মঙ্গলবার সন্ধ্যায় মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে, হুতিরা সৌদির এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। ফলে বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটি মক্কার ঘটনার নয় — এটি এক বছর আগের মদিনার পুরোনো ফুটেজ, যা ভিন্ন প্রেক্ষাপটে নতুন করে প্রচার করা হচ্ছে।