মহাকাশের অসীম রহস্যের মাঝে সম্প্রতি এক নজিরবিহীন ঘটনা সামনে এসেছে, যেখানে একটি শনাক্তকৃত বহির্গ্রহ বা এক্সোপ্ল্যানেট হঠাৎ করেই দৃষ্টির আড়ালে চলে গেছে। 'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে' প্রকাশিত তথ্যানুযায়ী, গ্রহটির নাম 'টিওআই-২৫৩৫বি'। এটি সূর্যের চেয়ে কিছুটা ছোট এবং প্রায় ৯৭০ কোটি বছর পুরনো একটি কে-বামন (K-dwarf) নক্ষত্র 'টিওআই-২৫৩৫'-এর চারপাশে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে এই নক্ষত্রমন্ডলীর দূরত্ব প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ।

বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী, এই বিশাল গ্রহটির একটি অদৃশ্য সঙ্গী গ্রহ রয়েছে, যার আকার সম্ভবত শনি গ্রহের কাছাকাছি। এই দুটি গ্রহের পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণের ফলে তারা একে অপরকে ধাক্কা দেয়, যার ফলে তাদের কক্ষপথ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানী স্যামুয়েল ই জানান, আমাদের সৌরজগতে বুধ বাদে প্রায় সব গ্রহ একই সমতলে চলে, যেখানে কক্ষপথের হেলে থাকার পরিমাণ মাত্র ১ ডিগ্রির মতো। কিন্তু টিওআই-২৫৩৫ নক্ষত্রের এই দুই গ্রহের কক্ষপথের হেলে থাকার ব্যবধান অন্তত ৫ ডিগ্রি, যা মহাজাগতিক হিসেবে অনেক বেশি।

২০১৯ সালে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে প্রথম এই গ্রহটির অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এরপর বিভিন্ন শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করার পর গত মার্চ মাসে গ্রহটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। গবেষকদের মতে, এটি সম্পূর্ণভাবে আমাদের পর্যবেক্ষণ করার দৃষ্টিকোণ এবং অবস্থানের ওপর নির্ভরশীল।

'হট জুপিটার' বা উত্তপ্ত বৃহস্পতি শ্রেণির এই গ্রহটির ভর আমাদের সৌরজগতের বৃহস্পতির মতো হলেও এর গতি অবিশ্বাস্য। এটি মাত্র আট দিনের কিছু বেশি সময়ে তার মাতৃ নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে, যা বুধ গ্রহের গতির চেয়েও ১০ গুণ বেশি। বিজ্ঞানী এরিক পেটিগু এবং তাঁর সহকর্মীরা আশাবাদী যে, আগামী কয়েক দশকের মধ্যে টিওআই-২৫৩৫বি পুনরায় দৃশ্যমান হবে। একই সঙ্গে, এর লুকানো সঙ্গী গ্রহটিও সামনে আসতে পারে, যা এই মহাজাগতিক বস্তু দুটির প্রকৃতি সম্পর্কে আরও নিখুঁত ধারণা প্রদান করবে।