চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাহী পাটোয়ারী নামের এক তরুণের মৃত্যু হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুর দিঘির দক্ষিণ পাড় সায়েরপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফিরোজ আহমেদ ওরফে তৌহিদ (২৩)। আহত অবস্থায় মাহী পাটোয়ারী (২৪) কে হাসপাতালে পাঠানো হয়েছিল। দুজনেই চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালা উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সময় হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছে ছিল। তারা ফিরোজের লাশ উদ্ধার করে এবং মাহীকে হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা হয়েছে, তবে পিকআপের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।




