ইউরোপের দেশ লিথুয়ানিয়ার আকাশে একটি ড্রোন ধ্বংস করেছে ইতালির যুদ্ধবিমান, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হয়ে সেখানে মোতায়েন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূপাতিত ড্রোনটি রাশিয়ার হতে পারে। লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্দেহভাজন ওই ড্রোনটি বেলারুশ সীমান্ত দিয়ে দেশটির আকাশসীমায় প্রবেশ করে। পরে দেশটির মধ্যাঞ্চলের ছোট বসতি প্রাতকুনাইয়ের কাছে এটি গুলি করে নামানো হয়, যার অবস্থান দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসের উত্তর দিকে।
লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ধ্বংস হওয়া ড্রোনটিতে বিস্ফোরক বহন করা ছিল। তিনি আরও বলেন, ড্রোনটি সত্যিই রাশিয়ার কিনা তা নিশ্চিত করতে ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কর্মরতদের সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেন, ইতালির যুদ্ধবিমানের এই পদক্ষেপ আটলান্টিক জোটের গুরুত্ব এবং জোটে শরিক থাকার প্রকৃত অর্থ তুলে ধরেছে।
এদিকে, এই ঘটনাকে ইউরোপের বিরুদ্ধে আগ্রাসন ও উসকানির ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল সরাসরি রাশিয়ার দিকে আঙুল তুলে বলেছেন, ন্যাটোর সদস্যরা কোনোভাবেই ভীত হবে না। তবে এ ঘটনা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ঘটনার পর লিথুয়ানিয়ার আকাশসীমার নিরাপত্তা জোরদার করার বিষয়টি আলোচনায় এসেছে, যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।



