যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র নির্বাচনে এক অভাবনীয় মোড় এসেছে। বর্তমান মেয়র এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী কারেন বাসকে পরাজিত করে জয়ী হয়েছেন গণতান্ত্রিক সমাজতন্ত্রী প্রার্থী নথিয়া রমন। রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এই ফলাফল ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, কারণ কারেন বাস এর আগে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার রাজনৈতিক ইতিহাসে কোনো নির্বাচনে পরাজয়ের রেকর্ড ছিল না। অন্যদিকে, নথিয়া রমন এই প্রতিযোগিতায় একজন দুর্বল প্রার্থী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।
ভারতীয় অভিবাসী এবং সিটি কাউন্সিলের সদস্য নথিয়া রমন তার নির্বাচনী প্রচারণায় বর্তমানের স্থবির রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কথা বলেছিলেন। তিনি বিশেষ করে গৃহহীনতা দূর করা, আবাসন সুবিধা বৃদ্ধি, হলিউডের চাকরির সংকট মোকাবিলা এবং অভিবাসন সংক্রান্ত কঠোর পদক্ষেপ থেকে বাসিন্দাদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়াও শহরের রাস্তাঘাট মেরামত, সৌন্দর্যবর্ধন এবং রাতের জীবন বা নাইটলাইফ ফিরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেন তিনি। ২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল এবং তার ফলে সৃষ্ট প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সময়ে কারেন বাসের অনুপস্থিতি এবং প্রশাসনের দুর্বল প্রতিক্রিয়া ভোটারদের মনে গভীর ক্ষোভ তৈরি করেছিল, যা রমনকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পরাজয়ের পর কারেন বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে রমনকে অভিনন্দন জানিয়ে তার পরাজয় স্বীকার করে নেন। তিনি উল্লেখ করেন যে, যদিও ফলাফল আশানুরূপ হয়নি, তবে লস অ্যাঞ্জেলেসের মানুষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং শহরের উন্নতির জন্য সবার ঐক্য প্রয়োজন। উল্লেখ্য, কারেন বাস ছিলেন লস অ্যাঞ্জেলেসের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র, যার দীর্ঘ রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৯২ সালের রডনি কিং দাঙ্গা পরবর্তী কমিউনিটি অর্গানাইজিংয়ের মাধ্যমে।
নথিয়া রমন এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মতো প্রগতিশীল সমাজতন্ত্রী নেতাদের জয় প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে বামপন্থার প্রভাব বাড়ছে। একই সময়ে ওয়াশিংটন ডিসিতেও জেনিস লুইস জর্জের মতো গণতান্ত্রিক সমাজতন্ত্রী মেয়র নির্বাচিত হয়েছেন। এই প্রগতিশীল ঢেউ এবং ডেমোক্র্যাটদের ব্যাপক সাফল্যের প্রেক্ষাপটে রিপাবলিকানরা তীব্র সমালোচনা শুরু করেছে। এমনকি হোয়াইট হাউসে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইতিহাসের অভিজ্ঞতায় এই ধরনের নেতৃত্ব একটি বিপর্যয় ডেকে আনবে।
নতুন মেয়র নথিয়া রমন এখন এক চ্যালেঞ্জিং সময়ের সামনে দাঁড়িয়ে। ২০২৭ সালের সুপার বোল এবং ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তাকেই তদারকি করতে হবে। প্রাথমিক নির্বাচনে রিয়েলিটি স্টার স্পেন্সার প্র্যাটকে পরাজিত করে রমন মূল প্রতিযোগিতায় উঠে আসেন এবং শেষ পর্যন্ত তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন অর্জন করে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন।




