প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে স্বনামধন্য অটোমোবাইল কোম্পানি জেনারেল মোটরস। প্রতিষ্ঠানটি অ্যারোস্পেস খাতের শীর্ষস্থানীয় সংস্থা লকহিড মার্টিনের জন্য প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করছে। মূলত জিএম ডিফেন্স-এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা গেছে, তারা পিএসি-৩ (PAC-3) মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্ট ইন্টারসেপ্টরের প্রথম পর্যায়ের যন্ত্রাংশের চালান ইতিমধ্যেই লকহিড মার্টিনের কাছে পৌঁছে দিয়েছে। অত্যন্ত দ্রুততার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে; প্রথম ব্যাচের এই সরঞ্জামগুলো প্রস্তুত করে সরবরাহে জিএম ডিফেন্স মাত্র ২২ দিন সময় নিয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে এই দ্রুত সরবরাহ প্রক্রিয়াটি বিশেষ তাৎপর্য বহন করে, যা খাতের কার্যকারিতাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে।




