জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সরকার নিপা। কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তার এই মনোনয়নের কথা জানানো হয়। উল্লেখ্য যে, জেলা পর্যায়ের এই স্বীকৃতির আগে গত ২০ সেপ্টেম্বর আদর্শ সদর উপজেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা সোনিয়া সরকার নিপা ২০১৩ সালে আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। এরপর ২০১৯ সালে তিনি বর্তমান কর্মস্থল বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষকতার মূল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয়। বর্তমানে তিনি জেলা ওয়ারেন্ট গাইডার এবং বিভাগীয় পর্যায়ে ‘হলদে পাখি গার্লস গাইড’ প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
নিজের এই অর্জন নিয়ে সোনিয়া সরকার নিপা জানান, যে কোনো কাজের স্বীকৃতি একজন মানুষকে আরও উৎসাহিত করে এবং কাজের গতি বাড়িয়ে দেয়। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হতে পেরে তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত ও গর্বিত মনে করছেন। এখন তার মূল লক্ষ্য হলো বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করা। এই বিশেষ সাফল্যের জন্য তিনি তার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




