এক সময় জনপ্রিয় গান 'আমাকে আমার মত থাকতে দাও' গেয়ে দুই বাংলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন শিল্পী অনুপম রায়। তবে বাস্তব জীবনে এখন আর নিজের মতো থাকতে পারেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের সাথে আলাপকালে অনুপম জানান, জনপ্রিয়তার কারণে তিনি এখন আর পূজার প্যান্ডেলে ভিড়ের মাঝে যেতে পারেন না। মূলত ২০১০ সাল থেকেই তিনি প্যান্ডেল ঘোরা এড়িয়ে চলছেন এবং এবারের পূজাতেও এই রুটিন বদলাবে না।
নিভৃতে পূজার চারটি দিন কাটাতে পছন্দ করেন এই গায়ক। তার মতে, ওই বিশেষ গানটির জনপ্রিয়তার পর থেকে প্যান্ডেলে গেলে মানুষ তাকে চিনতে পারে এবং ভিড় করে, ফলে তিনি আর নিজের মতো করে সময় কাটাতে পারেন না। এই সীমাবদ্ধতার কারণেই এখন আর প্যান্ডেলে ঘোরাফেরা করা তার পক্ষে সম্ভব হয় না। সাধারণত পূজার সময়ে বিভিন্ন কনসার্টে তাকে দেখা গেলেও এবার সেই ধারা ভেঙেছে।
ব্যক্তিগত জীবনে এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন অনুপম। গত ১৮ আগস্ট তিনি ও তার স্ত্রী গায়িকা প্রস্মিতা পাল এক পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। ২০২৪ সালের ৩ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির জীবনে নতুন অতিথির আগমনে সবকিছু বদলে গেছে। পুত্রসন্তানের আগমনে নিজের জীবনযাত্রা সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে বলে জানান তিনি।
রসিকতার ছলে অনুপম বলেন, আগামীকালের পরিকল্পনাটুকুও তিনি এখনো ঠিক করতে পারেননি, কারণ তার সবটাই এখন ছেলের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয়। ফলে পূজার পরিকল্পনা করার সুযোগ পাননি। অন্যদিকে, নতুন বাবা হিসেবে অনুপমের বদলে যাওয়া রূপ দেখে প্রস্মিতা পাল জানান, তিনি এখন এক 'অন্য অনুপমকে' দেখছেন। ভক্তদের মনে এখন প্রশ্ন, বাবা হওয়ার এই মানসিক পরিবর্তন কি তার আগামীর গানে কোনো প্রভাব ফেলবে?




