চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত প্রায় ২টার সময় শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। একটি মালবাহী কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। ওই মাইক্রোবাসে করে এক পরিবারের সদস্যরা বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না। তাঁদের বাড়ি কক্সবাজারের ঈদগাহ এলাকায়। নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়েছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কিছু সদস্য ও আত্মীয়স্বজন মাইক্রোবাসযোগে ঈদগাহের উদ্দেশে রওনা হন। পথেই দুর্ঘটনার মুখোমুখি হন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে আঘাত করে। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও চালক মুন্নাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।




