সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির ইচ্ছা নেই — এমনটাই জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর ভাষ্য, কনসার্ট বাতিলের অর্থ এই নয় যে সরকার সহযোগিতা করেনি; অনেক ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। দেশে বর্তমানে অসংখ্য কনসার্ট এবং বড় আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী ও উপদেষ্টা। সেখানে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।
কোথাও কোথাও কনসার্ট বন্ধের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।' অর্থাৎ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের কোনো আপত্তি নেই বলেই তাঁর বক্তব্য।
এ প্রসঙ্গে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, 'আমরা একমত সবাই, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় কিছুই হচ্ছে না এখন। অ্যাম আই রং? আমি যদি তুলনা করি, ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এ সরকারের সময় সিগনিফিকেন্টলি বললে কম বলা হবে, ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে। তবে দু–একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।' অর্থাৎ আগের সরকারের আমলের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো, তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে মেনে নেন তিনি।
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব ফারজানা মাহবুব এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।




