জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়িটি অবশেষে দখলমুক্ত হলো। ওই বাড়ি দখলে রাখার অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কারের পর তিনি নিজের মালামাল বাড়ি থেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বাড়িটি ছাড়ার বিষয়টি স্বীকার করেছেন মিজানুর রহমানও। তিনি জানান, বহিষ্কারের কোনো আদেশ তিনি পাননি, তবে এলাকায় মাইকিং করে এই বিষয়টি প্রচার করা হয়েছে বলে শুনেছেন। দলীয় সূত্র এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দিতে মিজানুরকে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল রায়কালী ইউনিয়ন বিএনপি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়ি ছাড়েননি। এর জেরে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম।

এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে মিজানুর রহমানকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে আক্কেলপুর উপজেলা বিএনপি। পরদিন সোমবার এলাকায় মাইকিং করে তাঁর বহিষ্কারের খবর প্রচার করা হয়। এরপরই মিজানুর রহমান বাড়ি থেকে নিজের মালামাল সরিয়ে নেন। বাড়িটি দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম। তিনি আজ সকালে জানান, মিজানুর রহমান মালামাল সরিয়ে নেওয়ায় বাড়িটি এখন দখলমুক্ত হয়েছে। তিনি বাড়িতে ফিরে এসেছেন। পাশাপাশি তিনি জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।