ঢাকায় সচিবালয়ে আয়োজিত সাম্প্রতিক এক অনুষ্ঠানে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের উপস্থিতিতে এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে গাড়িটির চাবি তুলে দেন। এ সময় সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউছুফ, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক শাহ্ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ্ আলম এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. রফিকুল ইসলামও অনুষ্ঠানে যোগ দেন। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে বলে জানানো হয়। চেয়ারম্যান সেলিম উল্লেখ করেন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, পরিবেশ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এনসিসি ব্যাংক নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই অ্যাম্বুলেন্স হৃদ্‌রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।