প্রচলিত ডেটিং অ্যাপের ভিড়ে সময় নষ্ট না করে জীবনসঙ্গী খোঁজার এক অনন্য ও ডিজিটাল পদ্ধতি অবলম্বন করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহরের বাসিন্দা ৩৬ বছর বয়সী অ্যারিন প্যাটারসন। অবিবাহিত এই নারী সম্ভাব্য জীবনসঙ্গীর খোঁজ পেতে একটি গুগল ফরম তৈরি করেছেন, যার শিরোনাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে এই ফরমটির লিংক পিন করে রাখার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বর্তমানে ২৪০ জনেরও বেশি পুরুষ সেখানে আবেদন করেছেন।

প্যাটারসনের মতে, বর্তমান সময়ের জনপ্রিয় ডেটিং প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় অযথা ব্যয় হয়। তাই শুরুতেই সং বাড়িয়ে কার সাথে চিন্তাধারার মিল আছে তা যাচাই করে নিতেই এই পদক্ষেপ। তিনি মনে করেন, নির্দিষ্ট কিছু প্রশ্নের মাধ্যমে সম্পর্কের প্রতি অনাগ্রহী বা অপ্রয়োজনীয় ব্যক্তিদের তালিকা থেকে সহজেই বাদ দেওয়া সম্ভব হবে।

এই ডিজিটাল আবেদনপত্রে আগ্রহী পুরুষদের জন্য বেশ কিছু সরাসরি প্রশ্ন রাখা হয়েছে। আবেদনকারীদের পেশাগত লক্ষ্য, প্রতিদিনের রুটিন, ব্যক্তিগত অভ্যাস এবং সম্পর্কের বিষয়ে তাঁদের প্রত্যাশা জানতে চাওয়া হয়েছে। এছাড়া পারিবারিক জীবন সম্পর্কে ধারণা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোন বিষয়গুলো তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারবেন না, সেই সংক্রান্ত তথ্যের ঘর রাখা হয়েছে ফরমে।

প্যাটারসন স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন যিনি একইসাথে সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত এবং উদার। প্রাথমিক পর্যায়ে তিনি এমন কাউকে চান, যিনি কফি খাওয়া বা ডিনারের আমন্ত্রণ গ্রহণ করে সুন্দরভাবে আলাপচারিতা করতে আগ্রহী। এরপর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্কটি কোন দিকে এগিয়ে যায়, তা দেখার জন্য তিনি প্রস্তুত।

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেন তাঁর এই উদ্যোগকে অত্যন্ত সাহসী এবং সৃজনশীল বলে প্রশংসা করেছেন। এমনকি অনেকে এই পদ্ধতির কার্যকারিতা দেখে নিজেদের জীবনেও এমন কৌশল প্রয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন।