রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে কৌশলে পালিয়ে গেছেন হত্যা মামলার এক নারী আসামি। বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামের ওই আসামি এই কাণ্ড ঘটান। ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। যাদের প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) এবং বাকি তিনজন কনস্টেবল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডেমরা অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিতু আক্তার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড চলাকালীনই তিনি সুযোগ বুঝে থানাহাজত থেকে পালিয়ে যান। বর্তমানে পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।