জাতীয় স্তরের নীতিমালায় মাঠপর্যায়ের বাস্তব তথ্য এবং ক্ষুদ্র উদ্যোগগুলোর প্রভাব অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। ১০ নভেম্বর ২০২৬ তারিখে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি এই মত ব্যক্ত করেন। ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত এই অনুষ্ঠানে তিনি তরুণ গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য ক্ষুদ্র উদ্যোগ ও তৃণমূলের তথ্য সংগ্রহ করে সেগুলোকে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিতে রূপান্তর করা প্রয়োজন। তিনি বিশ্বাস করেন, তরুণরা যদি সাহস নিয়ে তাদের যৌথ কণ্ঠস্বর গড়ে তুলতে পারে, তবেই সুশীল সমাজের প্রকৃত প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত হবে।
আলোচনা পর্বে অধ্যাপক সোবহান সিপিডি প্রতিষ্ঠার মূল লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি চেয়েছিলেন গবেষণার ফলাফল এবং নীতি নির্ধারণের চাহিদার মধ্যে একটি শক্তিশালী সেতু তৈরি করতে। তাঁর লক্ষ্য ছিল শুধু সরকারের ওপর নির্ভর না করে ব্যবসায়ী, ট্রেড ইউনিয়ন এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের মতো সকল অংশীদারকে নীতি নির্ধারণী আলোচনায় যুক্ত করা। এক সময় তৎকালীন অর্থমন্ত্রীসহ উচ্চপদস্থ নীতিনির্ধারকরা এই প্রক্রিয়ায় নিয়মিত অংশ নিতেন। দেশের সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গণমাধ্যমগুলোর সক্রিয়তার কারণে সিপিডির গবেষণাগুলো জাতীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছিল এবং সংসদ সদস্যদের আলোচনায় প্রভাব ফেলত, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে খুব একটা দেখা যায় না। তবে বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন সেমিনার ও প্রতিবেদনের ফলে সরকারের সংবেদনশীলতা কমে গেছে বলে তিনি মনে করেন। বর্তমান গবেষণাপ্রতিষ্ঠানগুলোর প্রধান সীমাবদ্ধতা হিসেবে তিনি বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরশীলতা এবং পারস্পরিক সহযোগিতার অভাবকে চিহ্নিত করেন। রানা প্লাজা ট্র্যাজেডি এবং ব্যাংক খাতের ঋণখেলাপি সংকটের উদাহরণ টেনে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে কথা না বলে ১০-২০টি সংস্থা একজোট হয়ে নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিক গবেষণা ও তদারকি করা প্রয়োজন।
অনুষ্ঠানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর তাঁর স্বপ্ন ছিল যে প্রমাণভিত্তিক নীতি এবং রাজনীতির মধ্যে একটি দায়বদ্ধ সম্পর্ক তৈরি হবে, যা এখনো বর্তমান। অন্যদিকে, ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম আক্ষেপ করে বলেন, দেশে গবেষণাকে এখনো যথেষ্ট অগ্রাধিকার দেওয়া হয় না। গবেষণার প্রকৃত সার্থকতা তখনই আসে যখন তা নীতি নির্ধারণের প্রক্রিয়ায় যুক্ত হয়। তিনি তরুণদের এই ক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সঞ্চালক এবং আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ বলেন, যা নীতিতে নেই তা কার্যকর করতে হবে এবং কার্যকর পদক্ষেপগুলোকে নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে; কারণ জননীতি হতে হবে জনকল্যাণমুখী বা 'জনতার'।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রথমবারের মতো চালু হওয়া ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’। পাঁচ সদস্যের একটি স্বাধীন বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের এই পুরস্কার প্রদান করা হয়। ‘গণমাধ্যম প্রতিবেদন’ বিভাগে প্রথম আলোর সাংবাদিক নাজনীন আখতার ও শাহাদৎ হোসেন পুরস্কার পান। ‘আইনি হস্তক্ষেপ’ বিভাগে ব্লাস্টের আইনজীবী আয়েশা আক্তার, ‘প্রমাণ’ বিভাগে আইসিডিডিআরবি-র চিকিৎসক মোহাম্মদ জোবায়ের চিশতী, ‘তথ্য অধিকার আবেদন’ বিভাগে গোলাম ইসহাক খান এবং ‘পাইলট প্রকল্প’ বিভাগে এইচওয়াইএসএডব্লিউ-এর মো. নুরুল ওসমান পুরস্কৃত হন। আইআইডি জানায়, মাঠপর্যায়ে নীতির বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবন বদলে দেওয়ার লক্ষ্যেই এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। বিচারকমণ্ডলীর তালিকায় ছিলেন অধ্যাপক আহমদ মোশতাক রাজা চৌধুরী, ফাহমিদা খাতুন, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, লুভা নাহিদ চৌধুরী এবং জাফর সোবহান।




