জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে যাতে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম আরও দ্রুত গতিতে সম্পন্ন করা যায়। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই বিলটি উত্থাপন করেন। বিলের মূল বৈশিষ্ট্য হলো, এই কার্যক্রমের আওতায় পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না। এছাড়া সীমিত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সেবা কেনার সুযোগ রাখা হয়েছে। উত্থাপনের পর বিলটি তিন কার্যদিবসের মধ্যে পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে ‘ওপেক্স’ (অপারেশনাল এক্সপেনডিচার) মডেলে নির্দিষ্ট স্থানে স্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা আর্থিক সম্ভাব্যতা যাচাই করে ‘ক্যাপেক্স’ (ক্যাপিটাল এক্সপেনডিচার) মডেলে এই ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এই পুরো প্রক্রিয়া পরিচালনা ও স্থাপনের জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং যথাযথ কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
সৌরবিদ্যুৎ প্রকল্পের নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য একটি ‘জাতীয় পলিসি কাউন্সিল’ এবং জেলা পর্যায়ে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে বিলে। একইসঙ্গে সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ বা বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। কেউ এই অপরাধ করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর জারি করা একটি অধ্যাদেশকে রহিত করে এই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলটি উত্থাপনের আগে বিরোধী দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান এর তীব্র বিরোধিতা করেন। তাঁর দাবি, কার্যকর সংসদ থাকা সত্ত্বেও অধ্যাদেশ জারি করা সংসদের সার্বভৌমত্বের লঙ্ঘন। জুলাইয়ে জ্বালানি কৌশলপত্র এবং সেপ্টেম্বরে প্রণোদনা দেওয়ার পর অক্টোবরে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নাজিবুর রহমানের কথা বিভ্রান্তিমূলক। তিনি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের কথা উল্লেখ করে জানান, সংসদের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির সন্তুষ্টির ভিত্তিতে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে এবং এতে সংসদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। এই বিতর্কের পর বিদ্যুৎমন্ত্রী বিলটি উত্থাপনের কারণ ব্যাখ্যা করেন এবং ডেপুটি স্পিকারের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিলটি সংসদে পেশ করা হয়।




