জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে তিনি তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, এমিরেটসের একটি ফ্লাইটে করে স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে তাঁরা দুবাইয়ে অবতরণ করেন। সেখান থেকে রাত দুইটায় ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী, যা রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পর নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তাঁর এই চার দিনের সংক্ষিপ্ত সফরে মোট ৩০টি সরকারি কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন একটি ব্রিফিংয়ে জানান, এই সফরের অংশ হিসেবে ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
সফরকালীন এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে প্রধানত বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা, জ্বালানি নিরাপত্তা, জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও দৃষ্টিভঙ্গি বিশ্বনেতা ও জাতিসংঘের কর্মকর্তাদের সামনে তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর পাশাপাশি সফরসঙ্গী ডা. জুবাইদা রহমানও বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন। তিনি মোট আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং এর মধ্যে চারটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। তাঁর এই কার্যক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান, ‘ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’।




