ব্যক্তিগত জীবন ও জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করে সিঙ্গাপুর সরকার সম্প্রতি 'ফার্স্টডেট' নামক একটি ডেটিং ও ম্যাচমেকিং সেবা চালু করেছে। মূলত দেশটিতে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার বৃদ্ধি এবং দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি তথ্যানুসারে, ২০২৫ সালে সিঙ্গাপুরে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো শিশুর জন্মসংখ্যা ৩০ হাজার এবং এর নিচে নেমে এসেছে, অন্যদিকে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার ৫০০ জনে।
এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী লরেন্স ওং গত আগস্টে বেশ কিছু প্রণোদনার কথা জানান। এর মধ্যে অন্যতম হলো, প্রতিটি শিশুর ১৭ বছর বয়স পর্যন্ত মোট প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা) আর্থিক সহায়তা প্রদান। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে শুরু হয় 'ফার্স্টডেট' সেবাটি। তবে বর্তমানে এটি সবার জন্য উন্মুক্ত নয়; শুধুমাত্র ২১ থেকে ৩৫ বছর বয়সী অবিবাহিত সরকারি কর্মচারীরাই এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন।
প্রচলিত ডেটিং অ্যাপের মতো এখানে প্রোফাইল স্ক্রল করার প্রয়োজন হয় না। ব্যবহারকারীকে প্রথমে 'সিংপাস' নামক ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থার মাধ্যমে সাইন-ইন করতে হয় এবং নিজের পছন্দ, মূল্যবোধ ও অভ্যাস সংক্রান্ত একটি জরিপে অংশ নিতে হয়। এরপর 'গেইল-শ্যাপলি স্টেবল ম্যারেজ অ্যালগরিদম' নামক একটি গাণিতিক পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীর সাথে সামঞ্জস্যপূর্ণ একজন সঙ্গীকে খুঁজে বের করা হয়। এই বিশেষ অ্যালগরিদমের উদ্ভাবক হলেন ২০১২ সালে অর্থনীতিতে নোবেলজয়ী প্রয়াত গণিতবিদ লয়েড শ্যাপলি।
যেকোনো দুই ব্যক্তির মধ্যে মিল পাওয়া গেলে তাদের ফোনে এসএমএস পাঠানো হয়। এরপর ৭২ ঘণ্টার মধ্যে তারা সম্মতি জানালে কেবল একে অপরের প্রোফাইল দেখতে পান এবং উভয়ের সম্মতিতে যোগাযোগের তথ্য বিনিময় করা হয়।
এই সরকারি উদ্যোগটি সিঙ্গাপুরের নাগরিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামতের জন্ম দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৯ বছর বয়সী কর্মী এলিজাবেথ মনে করেন, সরকারি তত্ত্বাবধানে হওয়ায় এখানে প্রতারণার ঝুঁকি কম। তবে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অনেকে একে 'ডিস্টোপিয়ান' ধারণা হিসেবে অভিহিত করেছেন। কেউ কেউ মনে করেন, সরকার কেবল প্রজনন হার বাড়ানোর দিকে নজর দিচ্ছে, মানুষের প্রকৃত সুখ বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিষয়ে তাদের মাথাব্যথা নেই। এছাড়া শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য এই সুবিধা প্রদানকে বৈষম্যমূলক বলে অনেকে সমালোচনা করেছেন।
উল্লেখ্য, সিঙ্গাপুরের এই প্রচেষ্টা নতুন কিছু নয়। ১৯৮৪ সালে স্নাতক ডিগ্রিধারীদের জন্য 'সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট' (এসডিইউ) চালু করা হয়েছিল, যা পরে অভিজাতপন্থি বলে সমালোচিত হয়ে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নন-গ্রাজুয়েটদের জন্য আলাদা সংস্থা গঠন করা হয়। এছাড়া সিঙ্গাপুরের বাইরে জাপানের টোকিও মহানগর সরকারও ২০২৪ সালের সেপ্টেম্বরে এআই-চালিত ডেটিং অ্যাপ চালু করেছিল, যার মাধ্যমে ইতিমধ্যে ২৬৫টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।




