প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি ও সবুজে ঘেরা ছোট দ্বীপ আহুস বর্তমানে এক ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে অবস্থিত এই দ্বীপের বাসিন্দারা বংশপরম্পরায় মাছ ধরে জীবনধারণ করে আসলেও, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাদের সেই পরিচিত জীবনযাত্রা এখন হুমকির মুখে। শক্তিশালী 'এল নিনো'-র প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পাপুয়া নিউগিনিতে চরম উষ্ণতা ও খরার সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে এই ছোট্ট দ্বীপে।
ইউনিভার্সিটি অব সিডনির সমুদ্রবিষয়ক গবেষক অধ্যাপক জশ সিনার গত ২৫ বছর ধরে এই দ্বীপ নিয়ে কাজ করছেন। গত অক্টোবরে তিনি ও তাঁর সহগবেষকরা সেখানে গিয়ে এক করুণ দৃশ্য প্রত্যক্ষ করেন। সাধারণত গবেষকদের আগমনে যে উৎসবমুখর পরিবেশ থাকে, এবার সেখানে ছিল এক নীরবতা। প্রচণ্ড গরমে শরীরের শক্তি ও পানি বাঁচাতে দ্বীপের মানুষ ঘরের মেঝেতে শুয়ে সময় কাটাচ্ছিলেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, শিক্ষার্থীদের জন্য স্কুলের সময় অর্ধেক করে দেওয়া হয়েছে, কারণ তীব্র গরমে দীর্ঘক্ষণ ক্লাসে থাকা অসম্ভব হয়ে পড়েছে।
দ্বীপের প্রধান পানির উৎস হিসেবে ব্যবহৃত কূপ ও ঝরনাগুলো শুকিয়ে গেছে। আশার আলো দেখা দিয়েছিল একবার বৃষ্টির মাধ্যমে, কিন্তু বোর্নিও বনাঞ্চলের দাবানলের ধোঁয়ায় সেই বৃষ্টির পানি অম্লীয় ও দূষিত হয়ে পড়ে। ফলে সেই পানি সংগ্রহ করা সম্ভব হয়নি। বর্তমানে পানি সংগ্রহের জন্য স্থানীয়দের ছোট নৌকায় করে প্রতিবেশী ম্যানুস দ্বীপে যেতে হয়, যদিও সেখানকার ঝরনাগুলোও শুকিয়ে যাওয়ার পথে। এছাড়া স্থানীয় প্রথাগত নিয়ম অনুযায়ী জমির মালিকানা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে থাকায় অন্য জায়গার পানির উৎস ব্যবহার করাও তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
খাবারের সংকট এখন প্রায় প্রতিটি পরিবারে। তীব্র গরমে শারীরিক পরিশ্রম করা অসম্ভব হয়ে ওঠায় সমুদ্রে মাছ ধরার হার কমে গেছে, যার ফলে খাবারের জোগান কমেছে এবং প্রতিবেশী দ্বীপগুলোর বাজারেও খাদ্যের অভাব দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা মিশেল সুরি জানান, খাবারের তীব্র অভাবের কারণে মানুষ এখন দিশেহারা। কেউ কেউ শরীর ঠান্ডা রাখতে দিনের বেলা দীর্ঘ সময় সমুদ্রের পানিতে ডুবে থাকেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং বিশ্ব বন্য প্রাণী তহবিলের মতো সংস্থাগুলোর সহায়তায় দ্বীপের মানুষ আগে থেকেই সমুদ্রের দেয়াল নির্মাণ এবং বৃষ্টির পানি সংগ্রহের ট্যাংকের মতো প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এবারের খরা তাদের সমস্ত প্রস্তুতিকে ব্যর্থ করে দিয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ৭ শতাংশ পরিবারের কাছে পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে এবং ৮১ শতাংশ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেদের অক্ষম বলে মনে করেন। পাপুয়া নিউগিনির প্রায় ৯৭ শতাংশ জমি প্রথাগত মালিকানায় থাকায় অন্য কোথাও গিয়ে বসতি স্থাপন করাও তাঁদের পক্ষে প্রায় অসম্ভব।
এদিকে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন 'কপ৩১'-এ বিশ্বনেতারা এই সংকট নিয়ে আলোচনা করছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন যে, জলবায়ু সংকটের গতি এখন মানুষের মোকাবিলার সক্ষমতার চেয়ে দ্রুততর। তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের জোরালো আহ্বান জানিয়েছেন। আহুসের মানুষ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হওয়া সত্ত্বেও এর সবচেয়ে ভয়াবহ পরিণতির শিকার হচ্ছেন। নিরাপদ আশ্রয়, খাবার ও পানির নিশ্চয়তা এখন তাঁদের জীবনের প্রধান লড়াই হয়ে দাঁড়িয়েছে।




